নোটকাণ্ড ও সাংসদ গ্রেফতারির প্রতিবাদে বাজেট অধিবেশন বয়কট তৃণমূল কংগ্রেসের!
বাজেট অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এদিন সংসদীয় বৈঠকে নোট বাতিল থেকে শুরু করে সাংসদদের গ্রেফতারির প্রতিবাদে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
কলকাতা, ৩০ জানুয়ারি : বাজেট অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নোট বাতিল থেকে শুরু করে সাংসদদের গ্রেফতারির প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সেইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন রোজভ্যালিকাণ্ডে ধৃত সুদীপ বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের লোকসভার দলনেতা থাকছেন। এদিন সৌগত রায়ের নাম ঘোষণা করা হয়েছে লোকসভার ডেপুটি লিডার হিসেবে। সুদীপের অনুপস্থিতিতে কাজ চালাবেন সৌগত রায়।

এদিন সংসদীয় বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, নোট কাণ্ডের সমাধান না করেই সাধারণ বাজেট পেশ করা হচ্ছে। একইসঙ্গে রেল বাজেটও পেশ হবে একইদিনে। এখনও নোট বাতিলের ফলে যে সঙ্কট তৈরি হয়েছে দেশজুড়ে, তার সমাধান হয়নি, ব্যাঙ্ক থেকে ওঠেনি টাকা তোলার ঊর্ধ্বসীমা। এমতাবস্থায় বাজেট পেশ করার আমরা ঘোর বিরোধিতা করছি বলে জানান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, আমরা প্রথম থেকেই নোটকাণ্ডের প্রতিবাদ করে আসছি। আমরাই সবথেকে বেশি সরব হয়েছিলাম কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে। আজও আমাদের সেই আন্দোলন জারি রয়েছে। এই আন্দোলনে দিল্লির বুকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে তাঁকে রোজভ্যালিকাণ্ডে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের আরও এক সাংসদকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এই দুই ঘটনার প্রতিবাদেই আমাদের এই বাজেট বয়কটের সিদ্ধান্ত।
কল্যাণবাবু আরও জানান, শুধু বয়কট করেই আমাদের প্রতিবাদ থেমে থাকবে না। আমরা প্রথম দু'দিন বাজেট অধিবেশনে থাকব না। ২ ফেব্রুয়ারি থেকে আমরা সংসদের ভিতরে-বাইরে বিক্ষোভ দেখাব। আমাদের মূল দাবি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে হঠানো। যাঁরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করবেন, তাঁদের দিকেই আমাদের সাহায্যের হাত বাড়ানো রয়েছে।
উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় সরকারের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। সেই সর্বদলীয় বৈঠক বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। এদিন সন্ধ্যায় লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের ডাকা সর্বদলীয় বৈঠকও বয়কট করছে তৃণমূল। এদিন নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়, বাজেট অধিবেশনের প্রথম দু'দিনও তাঁরা সংসদে অনুপস্থিত থাকবেন।












Click it and Unblock the Notifications