ভারী বর্ষণে সারমেয়দের ছাতার নীচে আশ্রয় দিল ট্রাফিক পুলিশ, মুহূর্তে ভাইরাল ছবি
ভারী বর্ষণে সারমেয়দের ছাতার নীচে আশ্রয় দিল ট্রাফিক পুলিশ
সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি বা ভিডিও আমাদের নজরে আসে যা আমাদের মনকে এক মুহূর্তে ভালো করে দেয়। বিশেষ করে কিছু ইতিবাচক কাহিনী এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে খুবই প্রয়োজন। তেমনি একটি ছবি সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অবিশ্রান্ত বৃষ্টিতে এক ট্র্যাফিক কনস্টেবলের ছাতার তলায় আশ্রয় নিয়েছে কিছু রাস্তার কুকুর। এই ছবি কলকাতা পুলিশ তাদের টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করেছে। এই ছবি শেয়ার করার ক্ষণিকের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় এবং লক্ষ লক্ষ নেটিজেনের মন জয় করে।
ট্রাফিক পুলিশের ছাতার নীচে অসহায় কুকুর
প্রসঙ্গত, কলকাতায় বেশ কয়েকদিন ধরে নিম্নচাপের কারণে অবিরত বৃষ্টিতে জনজীবন ব্যাহত। শহরের রাস্তায় রাস্তায় জল জমে যাওয়ার দরুণ সাধারণ মানুষের স্বাভাবিক জীবন স্তব্ধ হয়ে পড়েছে। তবে এই প্রাকৃতিক দুর্যোগেও কিছু এমন মানুষ রয়েছেন যাঁরা তাঁদের কর্তব্য করে চলেছেন অবিরত এবং তাঁদের মধ্যে একজন হলেন তরুণ কুমার মণ্ডল, যিনি পেশায় কলকাতায় পুলিশের ট্রাফিক কনস্টেবল। কলকাতা পুলিশের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, তরুণ কুমার মণ্ডল বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট ক্রসিংয়ে। নিত্যদিনের মতোই সামলাচ্ছেন যানবাহন। তবে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র এই ছবি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেনি। ছবিতে দেখা গিয়েছে, তরুণ কুমার মণ্ডলের ছাতার নীচে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে কিছু রাস্তার কুকুর, যা মন ছুঁয়ে ফেলার মতো ছবিতে পরিণত হয়েছে এবং নেট দুনিয়ায় এই ছবি প্রশংসিত। ছবিটি কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, যেখানে টুইটারে ক্যাপশনে লেখা রয়েছে যে, 'মুমেন্ট অফ দ্য ডে'।
কলকাতা পুলিশ শেয়ার করে ছবিটি
কলকাতা পুলিশের শেয়ার করা এই ছবির ক্যাপশনে লেখা, 'যদি হও সুজন... আজ সারাদিনে হয়তো অনেকেই দেখেছেন ভাইরাল হওয়া এই ছবিটি। তুমুল বৃষ্টিতে আমাদের এক সহকর্মীর ছাতার তলায় আশ্রয় নিয়েছে গোটা কয়েক সারমেয়। সকলের জ্ঞাতার্থে জানাই, ছবিটি আজ তোলা হয়েছে পার্ক সার্কাস সাতমাথা মোড়ের কাছে, কর্তব্যরত সহকর্মী হলেন কন্সটেবল তরুণ কুমার মণ্ডল, বর্তমানে রয়েছেন ইস্ট ট্রাফিক গার্ডে। তাঁর জন্য রইল শুভেচ্ছা।'

ভাইরাল ছবি
ইতিমধ্যেই এই পোস্টটি ৩৭ হাজারের বেশি প্রতিক্রিয়া পেয়েছে এবং একাধিক মন্তব্য এসেছে নেটিজেনদের কাছ থেকে। প্রত্যেকেই এই ছবি দেখে আপ্লুত এবং কনস্টেবলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়েছেন সকলে।

বৃষ্টিতে অসহায় রাস্তার সারমেয়রা
বৃষ্টির দিনে সবাই খোঁজে একটি আশ্রয়স্থল। সে মানুষ হোক বা পশু। আর গত তিন চার ধরে যে অতি বৃষ্টি হয়ে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তাতে অসহায় হয়ে পড়েছে বহু প্রাণী। এই ভারী বর্ষণের ফলে ইতিমধ্যেই বন্যা হয়ে গিয়েছে অনেকে অঞ্চলেই। ঘর ছাড়া বহু মানুষ। গত কয়েকদিন ধরে হওয়া অতি বৃষ্টিতে জলমগ্ন কলকাতারও অনেক জায়গাও। আমরা বাড়িতে নিরাপদে থাকলেও রাস্তার অবলা কুকুর-বেড়ালদের অবস্থা বেশ শোচনীয়। বৃষ্টির মধ্যে তারা একটু নিরাপদ আশ্রয় খুঁজে বেড়ায়। তাই তো কোনও গৃহস্থ বাড়ির সামনে বা কোনও গ্যারেজ বা অন্য কোনো জায়গায় একটু জায়গা পেলেই সেখানে ঢুকে পড়ে।












Click it and Unblock the Notifications