আগামিকালই খুলছে স্কটিশচার্চ কলেজ, পরশু শুরু পঠনপাঠন
কলকাতা, ৩ অক্টোবর : আগামিকাল থেকেই খুলছে স্কটিশচার্চ কলেজ। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে আজ গভর্নিং বর্ডির বৈঠকে কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন বুধবার থেকেই পঠন-পাঠন শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে।গত ২৯ সেপ্টেম্বর কলেজ গেটে নোটিশ ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় স্কটিশচার্চ কলেজ।
ছাত্র বিক্ষোভের জেরে কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার কলেজে এসে ছাত্রছাত্রীরা দেখেন, কলেজের গেট বন্ধ। একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ব্যাপারে কিছুই জানতেন না ছাত্রছাত্রীরা। এরপরই কলেজ গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরই শিক্ষা দফতর নড়েচড়ে বসে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবিলম্বে কলেজ খুলতে ও পঠনপাঠন শুরু করতে নির্দেশ দেন। মন্ত্রীর এই বার্তা আসার পরই জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়। সেইমতো সোমবার শুরু হয় গভর্নিং বডির বৈঠক। তিনঘণ্টা বৈঠকের শেষে সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবারই খোলা হবে কলেজ। বুধবার থেকেই স্কটিশচার্চে শুরু হবে পঠনপাঠন। যদিও পরদিন থেকেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে স্কুল-কলেজে।
এর আগে জয়পুরিয়া কলেজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে ফের পঠনপাঠন চালু হয় কলেজে। শিক্ষামন্ত্রী কড়া হাতে শিক্ষা প্রতিষ্ঠানের এই সংস্কৃতি বন্ধ করার চেষ্টা করলেও, বারবার এ ধরনের ঘটনায় প্রশ্ন উঠে পড়ছে শিক্ষামহলে।












Click it and Unblock the Notifications