একসঙ্গে বিধানসভার অলিন্দে, বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে মুখোমুখি শুভেন্দু-অভিষেক
শেষবারের মতো বিধানসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১৩ বছর আগে শেষ বার তিনি বিধানসভায় গিয়েছিলেন। সে সময় তিনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার তিনি শববাহী সকটে পৌঁছলেন বিধানসভার অলিন্দে। শুধু তাই নয়, শেষ বিদায়ে মিলিয়ে দিলেন শাসক বিরোধী নেতা-নেত্রীদের।
বিধানসভায় শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই ভাবে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার। রাজ্যে বর্তমান সময়ে শাসক বিরোধী তরজা এক অন্য মাত্রায় রয়েছে। শুভেন্দু অধিকারী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বৈরথ দেখতে অভ্যস্ত বাংলার মানুষ।

একসঙ্গে তাঁরা দুজন এক জায়গায় উপস্থিত রয়েছেন? সুদূর অতীতে কেউ কখনও ভাববে কি? এই প্রশ্ন উঠতেই পারে। কিন্তু সেই ঘটনা দেখা গেল রাজ্য বিধানসভায়। আর তার অন্যতম বড় কারণ বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানো।। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। বিজেপির অন্যান্য বিধায়করাও একে একে শ্রদ্ধা জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা আগেই উপস্থিত হয়েছিলেন বিধানসভায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এসে পৌঁছন। বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ বিধানসভার অলিন্দে শায়িত রাখা হয়। একে একে মন্ত্রী বিধায়করা শেষ শ্রদ্ধা জানান। বুদ্ধদেব ভট্টাচার্যের পায়ের কাছে দাঁড়িয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম প্রমুখরা বুদ্ধদেব ভট্টাচার্যের দেহের একপাশে দাঁড়িয়েছিলেন। উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের দীর্ঘ রাজনৈতিক জীবন। রাজ্যের প্রাক্তন পুলিশ ও তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী। জ্যোতি বসু পরবর্তী কালে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
সিঙ্গুর আন্দোলনের সময় শাসক - বিরোধী তরজা এক চরম সীমায় পৌঁছেছিল। শেষ পর্যন্ত রাজভবনে তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনার টেবিলে বসেছিলেন। যদিও সুরাহা কিছু হয়নি৷ রাজ্য থেকে বিদায় নিয়েছিল টাটা গোষ্ঠী।
বাম নেতাদের সঙ্গেও শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের দূরত্ব অনেকটাই। কিন্তু এদিন সিপিএম, তৃণমূল, বিজেপি নেতাদের একসঙ্গেই দেখা গেল বিধানসভার অলিন্দে সৌজন্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications