আজ সাংগঠনিক নির্বাচনে দলে শুদ্ধিকরণের বার্তা দেবেন মমতা
ভুবনেশ্বর থেকে ফিরেই আজ দলের সাংগঠনিক নির্বাচনে অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শুদ্ধিকরণের বার্তাও দেবেন তিনি।
কলকাতা, ২১ এপ্রিল : ভুবনেশ্বর থেকে ফিরেই আজ দলের সাংগঠনিক নির্বাচনে অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শুদ্ধিকরণের বার্তাও দেবেন তিনি। বর্তমানে যে চূড়ান্ত অস্বস্তি তৈরি হয়েছে দলে, তা থেকে কাটিয়ে উঠে কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়েও দলের নেতাদের বার্তা দেওয়ার পাশাপাশি এদিন সাংগঠনিক সভা থেকে বিজেপিকে নিশানা করবেন মুখ্যমন্ত্রী।
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। প্রত্যাশিতভাবেই এই নির্বাচনে দলের সভানেত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনির নির্বাচন শেষে তাঁর নাম সর্বভারতীয় সভানেত্রী হিসেবে ঘোষণার পরই তিনি দলের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন। দলীয় নেতা-কর্মীদের বার্তা দেবেন। এদিনই যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের কোর কমিটিতে জায়গা দেওয়া হবে।

চিটফান্ড তো ছিলই, নতুন করে দলের কাছে খাঁড়া হয়ে ঝুলছে নারদকাণ্ড। ইতিমধ্যে ১২ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে এফআইআর হয়েছে। আরও কয়েকজনের নাম যেদিক হোক উঠে পড়তে পারে। এমতাবস্থায় চাপে রয়েছে দল। তারপর রাজ্যে বিজেপি-র উত্থান কপালের ভাঁজ বাড়িয়ে দিয়েছে মমতার। এই অবস্থায় সাংগঠনিক নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আসন্ন পুরসভা ও পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই যেমন তৃণমূল সুপ্রিমো রাজনৈতিক দিক নির্দেশ করবেন, তেমনই দলের আচরণ বিধি প্রকাশ করবেন। সংগঠনের প্রসার লাভের লক্ষ্যে প্রয়োজনীয় বার্তাও দেবেন। সেইসঙ্গে থাকবে শুদ্ধিকরণের বার্তা। এদিন শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য নয় রাজ্য থেকেও প্রতিনিধিরা এসেছেন।












Click it and Unblock the Notifications