আজ কলকাতা নগর দায়রা আদালতে খাগড়াগড় কাণ্ডের রায়
আজ খাগড়াগড় কাণ্ডের রায় দেবে কলকাতা নগর দায়রা আদালত। রায় দেবেন মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল।
আজ খাগড়াগড় কাণ্ডে দোষী সাব্যস্তদের সাজা শোনাবে কলকাতা নগর দায়রা আদালত। রায় দেবেন মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল। দ্বিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। থাকছে কলকাতা পুলিশের বিশেষ টিম। অপ্রীতিকর এড়াতে র্যাফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।

বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এআইএ। শুনানি চলাকালীন অভিযুক্ত ১৯ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ও ইউএপিএ আইনে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ধারায় মামলা দায়ের করা হয়। বুধবার ১৯ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। তবে অপরাধ কবুল করায় অপরাধীদের শাস্তি মুকুব হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে খাগড়াগড় কাণ্ডে জড়িত নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মাথা কদর গাজি, কওসর ওরফে বোমা মিজান, ডালিম শেখ, ইউসুফ শেখরা গ্রেফতার হয়েও দোষ স্বীকার করেনি। এই ১২ জনের বিচার চলবে বলে জানিয়েছেন বিচারক।
উল্লেখ্য, ২০১৪ সালের ২ অক্টোবর ঘটে খাগড়াগড়ের বিস্ফোরণের ঘটনা। এই ঘটনায় ২০১৫ সালের মে মাসে আদালতে প্রথম চার্জশিট জমা পড়ে। তখনই এই ঘটনায় ধরা পড়েছিল ১৮ জন। পরে তালিকায় যুক্ত হয় আরো ১৩ জনের নাম। অভিযুক্তদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপ ছাড়াও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বেআইনি অস্ত্র মজুত সহ একাধিক মামলা দায়ের হয়।












Click it and Unblock the Notifications