অস্ত্রোপচার শুরু অভিষেকের, উপস্থিত মুখ্যমন্ত্রী, বাইরে আরোগ্য কামনায় প্রার্থনা অনুগামীদের
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের নীচে অস্ত্রোপচার শুরু হল। ডা. সুকুমার মুখোপাধ্যায়ের পর্যবেক্ষণে ১২ জনের বিশেষজ্ঞ চিকিৎসকের দল তাঁর অস্ত্রোপচার করছেন।
কলকাতা, ২৫ অক্টোবর : নির্দিষ্ট সময়েই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের নীচে অস্ত্রোপচার শুরু হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে চলছে এই অস্ত্রোপচার। ডা. সুকুমার মুখোপাধ্যায়ের পর্যবেক্ষণে ১২ জনের বিশেষজ্ঞ চিকিৎসকের দল তাঁর অস্ত্রোপচার করছেন। ম্যাক্সিলো ফেসিয়াল অরবিট ফ্লোর রিপেয়ারিং হতে সময় লাগবে অন্ততঃ দু'ঘণ্টা। ডা. অনির্বাণ ভাদুড়ি মূল অস্ত্রোপচারটি করছেন। তারপর হবে ফোর্স ডাকশন টেস্ট।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, এই অরবিট ফ্লোর রিপেয়ারিং একটি জটিল অস্ত্রোপচার। এখানে চোখের নীচের অংশ কেটে একটি পাত বসানো হয়। ৪ থেকে ৫ মিলিমিটার এই পাতটি বসানোর পর পুনরায় চোখটি সেই পাতের উপর বসিয়ে প্লাস্টিক সার্জারি করা হয়। এরপর পুরো প্রক্রিয়াটি সঠিক হল কি না, তা নিশ্চত করতেই ফোর্স ডাকশন টেস্ট করা হয়। অস্ত্রোপচারটি সম্পূর্ণ করতে দু'ঘণ্টা সময় লাগবে। তারপর অ্যানাস্থেসিয়া মুক্ত হয়ে স্বাভাবিক হতে আরও সময় লেগে যাবে দেড় ঘণ্টা।

বহরমপুরে সভা সেরে ফেরার পথে হুগলির হরিপালের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় বাঁ চোখের নীচে গালের অরবিট বোনে গুরুতর আঘাত পান অভিষেক। তখনই ১৪ দিনের মধ্যে এই অপারেশন করতে হবে বলে জানিয়ে দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিন্তু অভিষেকের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিতে পারছিলেন না চিকিৎসকরা। সোমবার রাতে অভিষেকের শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেইমতোই আজ দুপুর সাড়ে ১২টায় শুরু হয় অভিষেকের অরবিট ফ্লোর রিপেয়ারিং।
অভিষেকের অস্ত্রোপচার দায়িত্বে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ও অরবিট সার্জেন অনির্বাণ ভাদুড়ি। রয়েছেন দুই ম্যাক্সিলো ফেসিয়াল সার্জেন ডা. অমিত রায় ও ডা. কমলেশ্বর কোঠারি। তারপর প্লাস্টিক সার্জারি করবেন ডা. রাজেন ট্যান্ডন। অস্ত্রোপচার চলাকালীন উপস্থিত আছেন দুই হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোতোষ পাঁজা ও ডা. এসবি রায়। দুই চক্ষু বিশেষজ্ঞ ডা. অভিজিৎ চট্টোপাধ্যায় ও ডা. জয়াংশু সেনগুপ্তও রয়েছেন সাহায্যের জন্য। পুরো অস্ত্রোপচারে পর্যবেক্ষণের দায়িত্বে ডা. সুকুমার মুখোপাধ্যায়।
এদিকে বেলভিউতে যখন অভিষেকের অস্ত্রোপচার চলছে, তাঁর অনুগামীরা আরোগ্য কামনায় প্রার্থনা করছেন বাইরে। কলকাতার রাস্তায় প্ল্যাকার্ড হাতে মৌন মিছিলও হয়। মিছিল করে অনেকে হাসপাতালে আসেন। বাইরে অপেক্ষ্যমাণ থেকে তাঁর আরোগ্য কামনা করেন। তাঁদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা- 'চাইছি তোমার সুস্থতা', দ্রুত আরোগ্য লাভ করুন অভিষেক', ইত্যাদি।












Click it and Unblock the Notifications