মুসলিম ভোট এবার পাবে না তৃণমূল? সন্দেশখালি নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?
তৃণমূলকে এবার মুসলিম সমাজ ভোট দেবে না? মুসলিম ভোট তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? মুসলিম ভোট বিজেপি আর বাম - কংগ্রেস জোট পাবে? শুক্রবার সকালে এমন কথাই বললেন দিলীপ ঘোষ।
শুক্রবার সকালে ইকো পার্কে প্রাতঃভবনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি একাধিক বিষয়ে মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভয় দেখাচ্ছেন, বক্তব্যের মধ্যে দিয়ে। কিন্তু মানুষ এখন এইসব বুঝে গিয়েছে। কেউ আর ভয় পাবে না। দাবি দিলীপ ঘোষের।

পূর্ব মেদিনীপুরের মানুষ সচেতন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে গেলেও তৃণমূলের ভোট বাড়বে না। বরং আরও কমবে। তারা যত যাবেন, তত ভোট কমবে। মানুষ দুর্নীতির বিরুদ্ধে তাদের জবাব দেবে। শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের আসন জেতার সম্ভাবনা নেই। এমনই ইঙ্গিত বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর।
সন্দেশখালি নিয়ে তৃণমূল কংগ্রেস পাল্টা প্রচার করছে। বিজেপি আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত সন্দেশখালি নিয়ে প্রচার চালাবে। এমন দাবি করছে রাজ্যের শাসক দল। তাই নিয়েও এদিন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
তৃণমূল কংগ্রেস সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলন চালিয়েছেন দীর্ঘ সময় ধরে। সেই প্রচারের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করতে পেরেছিল। তাহলে বিজেপি কেন সন্দেশখালি ইস্যুতে প্রচার করতে পারবে না? " মমতা যদি সিঙ্গুর, নন্দীগ্রাম ইস্যু নিয়ে ভোট জিততে পারে। তাহলে আমরাও সন্দেশখালির মতো এত বড় দুর্নীতি ছেড়ে দেব কেন?" প্রশ্ন দিলীপ ঘোষের।
" সন্দেশখালিতে এখনও মহিলারা ভয় রয়েছেন। শেখ শাহজাহানের মেজো ভাই এখনও পলাতক। মহিলারা রাত জেগে পাহারা দিচ্ছেন। কিছু গ্রামে পুরুষরা ঘরছাড়া। সন্দেশখালির মহিলাদের আন্দোলন গোটা দেশে উদাহরণ তৈরি করেছে।" বললেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications