বাবুলের নামে স্লোগান তৈরি তৃণমূলের, জয়ের কড়ি জোগাড় করতে প্রচার শুরু বালিগঞ্জে
বাবুলের নামে স্লোগান তৈরি তৃণমূলের, জয়ের কড়ি জোগাড় করতে প্রচার শুরু বালিগঞ্জে
আসানসোল থেকে দু-দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন। এবার সেই সাংসদ পদ ছেড়ে নামছেন বিধায়ক হওয়ার লড়াইয়ে। একুশের ভোটেও তিনি বিধায়ক পদের জন্য লড়েছিলেন। কিন্তু সেবার তিনি জয়ের কড়ি জোগাড় করতে পারেননি। উপনির্বাচনে জার্সি বদলে তিনি নামছেন বিধানসভায় পা রাখার লক্ষ্য নিয়ে। তার জন্য তৈরি হয়েছে নতুন স্লোগানও।

বাবুলের জন্য তৈরি স্লোগানেই চলছে চুটিয়ে প্রচার
রাজনৈতিক মহলের ধারণা ছিল, বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর ফের আসানসোল থেকেই প্রার্থী হবেন। কিন্তু আসানসোলে তাঁকে প্রার্থী না করে তৃণমূল তাঁকে প্রার্থী করে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তৃণমূলের এই সিদ্ধান্ত স্পষ্ট তাঁকে পরবর্তী সময়ে আনা হতে পারে রাজ্য মন্ত্রিসভায়। সে জন্যই তাঁকে জিতিয়ে আনতে তৈরি হয়েছে নতুন স্লোগান। বাবুলের জন্য সেই স্লোগানেই চলছে চুটিয়ে প্রচার।

বালিগঞ্জে তাঁকে নিয়ে তৈরি হয়েছে নতুন স্লোগান
সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সেখানে বালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বাবুল সুপ্রিয়কে। তারপরই জোরদার প্রচারে নেমে পড়েছেন বাংলার গায়ক-নেতা বাবুল সুপ্রিয়। আর তিনি বালিগঞ্জ কেন্দ্রে প্রচারে নামার পরই তাঁকে নিয়ে তৈরি হয়েছে নতুন স্লোগান।

অলিতে-গলিতে শোনা যাচ্ছে নতুন ওই স্লোগান
বাবুল সুপ্রিয়কে নিয়ে যে নতুন স্লোগান তৈরি হয়েছে বালিগঞ্জে, তা হল- বালিগঞ্জে সবার প্রিয়, প্রগতি হাতে বাবুল সুপ্রিয়। বালিগঞ্জে পা দিলেই এখন অলিতে-গলিতে শোনা যাচ্ছে নতুন এই স্লোগান। দেওয়াল লিখনেও তা ফুটে উঠছে বালিগঞ্জে। বালিগঞ্জের বহু জায়গায় পড়েছে পোস্টার। সেই পোস্টারে যেমন লেখা হয়েছে ওই স্লোগান, তেমনই ছবিও রয়েছে বাবুল সুপ্রিয়র।

আত্মবিশ্বাসী হলেও কোনও গাছাড়া ভাব নেই প্রচারে
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবাশিস কুমারের সঙ্গে সবুজ ওই পোস্টারের ছবিতে জায়গা করে নিয়েছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ থেকে এবার বাবুলকে জিতিয়ে আনতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তারা আত্মবিশ্বাসীও এই জয়ের ব্যাপারে। তবে আত্মবিশ্বাসী হলেও কোনও গাছাড়া ভাব দেওয়া হচ্ছে না প্রচারে।

সুব্রতর কেন্দ্রে তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি
২০২১-এ সুব্রত মুখোপাধ্যায় এই কেন্দ্র থেকে ৭৫ হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছিলেন। পুর নির্বাচনে এই কেন্দ্রের সবকটি ওয়ার্ডে জিতেছে তৃণমূল। তা বাবুলের জয় নিয়ে কোনও ধন্দ নেই নেতৃত্বের মনে। বাবুলও আত্মবিশ্বাসী নিজের জয়ের ব্যাপারে। বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি। সিপিএম পেয়েছিল তিন নম্বর স্থান।

রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রচারে জোর তৃণমূলের
বাবুল সুপ্রিয় সেই অগ্রগমন ধরে রাখতে বদ্ধপরিকর। তিনি তাই দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিয়েছেন। এখনও বিজেপি বা সিপিএম কেউই প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। কিন্তু তৃণমূল প্রচারে এগিয়ে গিয়েছেন অনেকটাই। ইতিমধ্যে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকও সেরে ফেলেছেন বাবুল। রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রচারে জোর দিতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications