গেরুয়া পাগড়ি মাথায় পোস্টার, অমিতের আসার আগেই শুভেন্দুকে বশে আনতে মরিয়া তৃণমূল
গেরুয়া পাগড়ি মাথায় পোস্টার, অমিতের আসার আগেই শুভেন্দুকে বশে আনতে মরিয়া তৃণমূল
শুভেন্দু অধিকারীকে ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বরফ গলাতে ময়দানে নামলেন দুই প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ। শুভেন্দুর সঙ্গে কথা বলেছেন তাঁরা। জানতে চেয়েছেন তাঁর অভাব-অভিযোগের কথা। সূত্রের খবর অভিষেক এবং প্রশান্ত কিশোরের উপর অসন্তুষ্ট শুভেন্দ। এই দু'জনকে িনয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এছাড়া দলের আর কোনও সমস্যার কথা আলোচনা করেননি তিনি। এদিকে আবার গেরুয়া পাগড়ি মাথায় শুভেন্দুর পোস্টারে উদ্বেগ বেড়েছে শাসক দলে। ফের শুভেন্দুকে নিয়ে বৈঠকে বসার কথা সাংসদের।

শুভেন্দুর সঙ্গে আলোচনা
অমিত শাহ রাজ্য সফরে আসার আগেই শুভেন্দুকে নিয়ে ফয়সালা চায় তৃণমূল। কড়া বার্তার পরে এবার তাই বরফ গলাতে শুভেন্দুর সঙ্গে আলোচনায় বসার দায়িত্ব দুই প্রবীণ সাংসদকে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এক সাংসদের সঙ্গে আলোচনায় বসেছিলেন শুভেন্দু অধিকারী। অত্যন্ত গোপনেই হয়েছে সেই বৈঠক। দেহরক্ষীকে না নিয়েই গোপনে গাড়ি করে সাংসদের বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই রুদ্ধদ্বার বৈঠক হয়।

অভিষেক, প্রশান্তে ক্ষোভ
শুভেন্দু অধিকারী বৈঠকে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই প্রশান্ত কিশোরে আপত্তি জানাতে শুরু করেছেন। এবার সেই তালিকায় সামিল হয়েছেন শুভেন্দু অধিকারীও। তৃণমূল নেতার মান ভাঙাতে কাঁথিতে শুভেন্দুর বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে। কিন্তু শুভেন্দুর সঙ্গে দেখা হয়নি। মোবাইলে কথা হয়েছে মাত্র।

শিশিরকে কড়া বার্তা
শুভেন্দুকে চাপে রাখতে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির অধিকারীকে কড়া বার্তা দেয় তৃণমূল কংগ্রেস। দলের শৃঙ্খলার বাইরে কেউ নয় বলে শুভেন্দুকে বার্তা পাঠানো হয়। সেদিনই নন্দীগ্রামে কালীপুজোর উদ্বোধন করে শুভেন্দু আক্রমণের ঝাঁঝ বাড়ান। দাবি করেন ঘূর্ণিঝড়ের পর কেউ আসেননি তাঁদের কাছে একমাত্র শুভেন্দুই বারবার ছুটে এসেছেন। যদিও তাঁর আগেরদিন শুভেন্দু আমার দল আমার নেত্রী বলে স্লোগান তুলেছিলেন।

তৃণমূলেই শুভেন্দু
বৈঠকের পর তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় দাবি করেছেন তৃণমূলেই থাকছেন শুভেন্দু। দলের কোনও নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেননি তিনি। অমিত শাহের রাজ্য সফরে আসার আগে শুভেন্দুকে দলে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। এদিকে পুরুলিয়ায় গেরুয়া পাগরি পরা শুভেন্দুর পোস্টার ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications