অবশেষে সক্রিয় রাজনীতিতে ফিরছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কবে তাঁর প্রত্যাবর্তন
আগামী ২১ জুলাই দলের শহিদ সমাবেশেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন বলে ধরে নিয়েছিল রাজনৈতিক মহল। কিন্তু সাংসদ জানালেন অন্য কথা।
প্রায় ছ'মাস অন্তরালে থাকার পর ফের রাজনীতির আঙিনায় ফিরতে চলেছেন প্রবীণ তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার হওয়া এই সাংসদের জামিন মেলার পর সক্রিয় রাজনীতিতে ফেরা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল- কবে থেকে তিনি ফিরতে পারেন রাজনীতিতে? সেই জল্পনার অবসান ঘটালেন নিজেই।
আগামী ২১ জুলাই দলের শহিদ সমাবেশেই তিনি সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন বলে সবাই একপ্রকার ধরে নিয়েছিলেন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার সাতদিনের মধ্যেই নীরবতা ভেঙে জানিয়ে দেন, তিনি আগামী ৬ জুলাই তাঁর সাংসদ এলাকায় একটি সভা ডেকেছেন। সেখানেই তিনি দলের নিচুতলার নেতা-নেত্রী ও কর্মীদের নিয়ে সভা করবেন।

আগামী ৬ জুলাই গিরিশ পার্কের হরিয়ানা ভবনে আয়োজন করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই প্রত্যাবর্তন-সভার। তাঁকে বরণ করে নিতে তৈরি দলের নেতা-কর্মীরা। তা নিয়ে এখন থেকেই সাজো সাজো রব। জানা গিয়েছে, ফুল-মালা-মিষ্টিতে সুদীপবাবুকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি প্রায় সারা। এখন শুধু ওইদিন সুদীপবাবুর আসার অপেক্ষা।
আসলে ২১ জুলাই তাঁর প্রত্যাবর্তন হবে, প্রায় ঠিকই ছিল। কিন্তু সুদীপবাবু দেখে নিতে চাইছেন তাঁর এই দীর্ঘ অনুপস্থিতিতে নিজের খাস তালুকে কেমন রয়েছে সাংগঠনিক অবস্থা। সাংগঠনিক অবস্থা জানতেই মূলত এই সভার ডাক। তাঁর সাংসদ ক্ষেত্রের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে হরিয়ানা ভবনের সভায়। তিনি এই বৈঠকে নিচু তলার নেতাদের সঙ্গে কথা বলবেন। ভাব আদানপ্রদান করবেন নেতা-কর্মীদের সঙ্গে। বুঝে নিতে চাইবেন তাঁর অনুপস্থিতিতে নিজের খাস তালুকে কোনও ফাঁক তৈরি হয়েছে কি না।
৩ জানুয়ারি রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার হন তৃণমূলের এই প্রভাবশালী সাংসদ। তারপর থেকে সাড়ে চার মাস তাঁর কেটেছে কারান্তরালে। অবশ্য জেল হেফাজতের বেশিরভাগ সময় তিনি হাসপাতালেই ছিলেন। তবু তাঁকে কাটাতে হয়েছে পুলিশ ঘেরাটোপে। ১৯ মে বহু প্রতীক্ষিত জামিন মেলে তাঁর। প্রভাবশালী তকমা দিয়ে সিবিআই তাঁকে আটকে রাখতে চেয়েছিল। কিন্তু বিচারকের কাছে সেই যুক্তি ধোপে টেকেনি।
সুদীপবাবু জামিনে মুক্ত হয়ে কলকাতায় ফেরেন ঠিকই, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাড়ি ফেরা হয়নি। কলকাতার ফিরেই এসএসকেএমে ভর্তি হন তিনি। সাতদিন আগে তিনি বাড়ি ফেরেন। এখন অনেকটাই সুস্থ মনে করছেন নিজেকে। তাই এবার রাজনীতিতে ফেরার ভাবনা। সরাসরি ২১ জুলাই-এর মঞ্চে না গিয়ে তিনি নিজের সংসদ ক্ষেত্রে সভা ডেকেই রাজনীতির আঙিনায় পুনরায় পা দিতে চাইছেন।












Click it and Unblock the Notifications