Saugata Roy: ফের হাসপাতালে ভর্তি হলেন সৌগত রায়, উদ্বেগে পরিবার-শুভানুধ্যায়ীরা
দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় ফের একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়েছে।
সাংসদের পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌগত রায়ের আগে থেকেই স্নায়ুজনিত সমস্যা রয়েছে। এছাড়াও একাধিক বয়সজনিত সমস্যা রয়েছে। এদিনের হাসপাতালে ভর্তির খবরে পরিবার, দল ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক বিষয়ের ওপর নজর রাখছেন।

চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হলেন তৃণমূলের বর্ষীয়ান এই নেতা। এর আগে, ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবন থেকে বেরোনোর সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত ঘাম ও দুর্বলতা দেখা দেওয়ায় তাঁকে হুইলচেয়ারে করে বার করে আনা হয় এবং পরে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেই সময় তাঁকে ভর্তি করা হয়নি।
এরপর ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন বেলঘরিয়ার এক মন্দিরের অনুষ্ঠানে গিয়ে সেখানে সৌগত রায় অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছিল।
প্রবীণ সাংসদ সৌগত রায়ের বার বার অসুস্থ হওয়ার কারণে তাঁর পরিবার ও তৃণমূল নেতৃত্ব চিন্তিত। চিকিৎসকেরা তাঁর বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী, দলীয় নেতা ও অনুরাগীরা।












Click it and Unblock the Notifications