এমন দু-একটা ঘটনা না ঘটলে পুলিশ-আদালত উঠে যেত, মন্ত্রীর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি
একুশের নির্বাচনে জিতে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপর থেকেই নির্বাচনোত্তর হিংসা নিয়ে সরব রাজ্যের বিরোধী দলগুলি। সম্প্রতি পুরসভা নির্বাচন মিটতেই রাজ্যের দুই প্রান্তে দুই কাউন্সিলর খুন হয়েছে।
একুশের নির্বাচনে জিতে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপর থেকেই নির্বাচনোত্তর হিংসা নিয়ে সরব রাজ্যের বিরোধী দলগুলি। সম্প্রতি পুরসভা নির্বাচন মিটতেই রাজ্যের দুই প্রান্তে দুই কাউন্সিলর খুন হয়েছে। তা নিয়ে তপ্ত রাজনীতি। এই অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে পড়ায় বিস্ফোরক মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে। প্রশ্ন করা হয়েছিল, বিরোধীরা অভিযোগ তুলছে, আইনশৃঙ্খলার অবনতি ঘটছে রাজ্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বিগ্ন, তিনি মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন। কিন্তু তারপরও কি ঘটনাপ্রবাহ কমছে?
এর উত্তরে ফিরহাদ হাকিম বলেন, এমন দু-একটা ঘটনা না ঘটলে পুলিশ-আদালত উঠে যেত। তা নিয়েই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। বিরোধীরা সমালোচনায় সরব হয়েছেন মন্ত্রীর। এদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক ঘটনা ঘটেছে। তিলজলায় গুলি চলেছে, হামলা হয়েছে। তারপর সন্ধ্যায় পানিহাটিতে যুবককে পিটিয়ে-কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। তারপর মন্ত্রীর বিবৃতি নিয়ে কড়া মন্তব্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
ঠিক কী বলেছিলেন ফিরহাদ হাকিম? ফিরহাদ হাকিম বলেন, বাম আমলে কি খুন হয়নি? আরও অনেক বেশি খুন হয়েছে। সেইসময় জঙ্গলমহলে রোজ কত লোক মারা যেত। এখন তো সেই তুলনায় রাজ্য একেবারেই শান্ত। দু-একটা ঘটনা ঘটছে। তা তো ঘটতেই পারে। তা না ঘটলে রাজ্যের পুলিশ-আদালতের তো কোনও কাজই থাকবে না। পুলিশ-আদালত তো উঠে যাবে।
ফিরহাদ বলেন, বাম আমলের তুলনায় এখন বাংলায় বা অন্য রাজ্যের তুলনায় বাংলায় খুব কমই ঘটে হিংসার ঘটনা। আমরা অন্য রাজ্যের তুলনায় ঠিক আছি। পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলেই, এ রাজ্য শান্ত আছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে এমন মন্তব্যের পর বিতর্ক সৃষ্টি হয়েছে। অস্বস্তি পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
এদিন যে পানিহাটিতে সাতদিন আগে তৃণমূল কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয়েছিল, সেই পানিহাটিতে পিটিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে এক যুবককে। সেই ঘটনার প্রতিক্রিয়ায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, রাজ্যের মন্ত্রীর কথা মতো তাহলে আরও একটি কাজ পেল পুলিশ ও আদালত। কেননা মন্ত্রী তো বলেইছেন, এমন দু-একটা ঘটনা যদি না ঘটে পুলিশ আর আদালত তো উঠে যাবে।












Click it and Unblock the Notifications