অধীরের সঙ্গে তফাত রয়েছে সনিয়া-রাহুলের! বাংলার কংগ্রেসকে বিজেপির দালাল বলে তোপ কুণালের
সাম্প্রতিক সময়ে রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট ভবিষ্যত নিয়ে মন্তব্যে রাজি হননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। এরই মধ্যে রাজ্য কংগ্রেস নেতৃত্বকে বিজেপির দালাল বলে তোপ দাগলেন রাজ্য তৃণমূলের সম্পাদক কুণাল ঘোষ।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল ঘোষ বলেছেন, অধীর চৌধুরীদের সঙ্গে পার্থক্য রয়েছে সনিয়া গান্ধী-রাহুল গান্ধীদের। যেখানে সনিয়া গান্ধী-রাহুল গান্ধীরা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে জোট করতে চাইছেন। তারা তৃণমূলের সাহায্য চাইছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে সেখানে বাধা দিচ্ছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব।

তবে তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে জোট করবে, এই প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেছেন, আসন ভাগাভাগি নিয়ে তাদের কাছে সর্বশেষ কোনও তথ্য নেই। পুরো বিষয়টি দেখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং এব্যাপারে সঠিক সময়ে জানাবেন।
কুণাল ঘোষ অভিযোগ করেছেন, ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূলের বড় ক্ষতি করেছিল যে কারণে বিজেপি উপকৃত হয়েছিল বলেও মন্তব্য করেছেন তিনি। কুণাল ঘোষ আরও বলেছেন, বিজেপিকে পরাজিত করার লক্ষ্য নিয়ে ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেস।
#WATCH | On seat sharing in INDIA alliance, TMC leader Kunal Ghosh says, "Till now, we have no latest information. Our supremo Mamata Banerjee is looking after the process. She will make the final decision, and she will inform at the proper time. You'll see there is a clear… pic.twitter.com/ZBytGNpzfj
— ANI (@ANI) December 31, 2023
অন্যদিকে কংগ্রেস ও সিপিএম যৌথভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মোটে মেরুকরণ করেছিল বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। যা কারণে তারা শূন্য হয়ে গিয়েছে। বিজেপির কাছে পৌঁছতেই এটা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
তিনি আরও বলেছেন, ইন্ডিয়া ব্লক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। সময় হলে জোটের বিষয়ে সব পরিষ্কার হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন কুণাল ঘোষ। এব্যাপারে বাংলার কংগ্রেসের কোনও গুরুত্ব নেই বলেছেন তিনি।
প্রসঙ্গত ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে তৃণমূলের তরফে বিভিন্ন রাজ্যে আসন সমঝোতার জন্য সময়সীমা ৩১ জানুয়ারি করার কথা বলা হয়। পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আসন রফার জন্য ৩১ জানুয়ারি সময়সীমা নির্ধারণ করেন।
ওই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শরিকদের ২৪৫ টি আসন শরিকদের ছেড়ে দেওয়ার জন্য কংগ্রেসের কাছে প্রস্তাব দেন বলে সূত্রের খবর। তিনি বলেন, কংগ্রেস ৩০০ টি আসনে লড়াই করুক, বাকি ২৪৫ টি আসন শরিকদের জন্য ছেড়ে দিক।
বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্র ছিল, যেখানে যেদল শক্তিশালী সেখানে সেই দলের নিয়ন্ত্রণ থাকুক। যেমন উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি, দিল্লি ও পঞ্জাবে আপ এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস। এব্যাপারে পশ্চিমবঙ্গ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় সংবাদ মাধ্যমকে বলেন, রাজ্যে কোনওভাবেই তৃণমূলের সঙ্গে জোট করবে না কংগ্রেস। দিল্লিতে যেভাবে বিজেপির সঙ্গে লড়াই চালাচ্ছে, রাজ্যেও তৃণমূলের বিরুদ্ধে একইভাবে লড়াই চালানো হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications