ভাঙন এবার অভিষেক গড়ে! দিলীপ ঘোষের হাত ধরে সংখ্যালঘু নেতার যোগ বিজেপিতে
তৃণমূলে ভাঙন ছড়িয়ে পড়েছে অভিষেক গড়েও। দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন মেটিয়াবুরুজের তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান মোল্লা।
তৃণমূল কংগ্রেসে ভাঙন ছড়িয়ে পড়েছে অভিষেক গড়েও। দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন মেটিয়াবুরুজের তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান মোল্লা। তিনি ছাড়াও তাঁর বেশ কিছু অনুগামীও বিজেপিতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে এলাকার আরও সংখ্যালঘু নেতা-কর্মী দলে যোগ দেবেন বলে দাবি বিজেপির।

শুধু বিজেপির প্রভাব থাকা এলাকা কিংবা কেন্দ্রগুলিতেই নয়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবারের অন্তর্গত মেটিয়াবুরুজ কেন্দ্র থেকে বিজেপিতে যোগদানের হিড়িক। এলাকার সংখ্যালঘু তৃণমূল নেতারা বিজেপিকেই বেছে নিচ্ছেন, তাদের পরবর্তী গন্তব্য হিসেবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত, সেগুলির মধ্যে অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত মেটিয়াবুরুজ। এই কেন্দ্র থেকে এবারের লোকসভা নির্বাচনে প্রায় ৭০ হাজার ভোটের লিড পেয়েছিলেন তৃণমূল সাংসদ।
সেই মেটিয়াবুরুজের অন্তর্গত কলকাতা পুরসভা এলাকার ১৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা আনিসুর রহমান মোল্লা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। একই সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন এলাকার প্রায় ১৫০ জন তৃণমূল কর্মী।












Click it and Unblock the Notifications