চিংড়িঘাটায় মৃত দুই ছাত্রের পরিবারের পাশে রাজ্য, দুর্ঘটনার পর ঘোষণা উড়ালপুলের
চিংড়িঘাটায় দুর্ঘটনায় মৃত দুই কলেজ ছাত্রের পরিবারকে দু-লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার।
চিংড়িঘাটায় দুর্ঘটনায় মৃত দুই কলেজ ছাত্রের পরিবারকে দু-লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। শনিবার নবান্ন সূত্রে এই খবর জানানো হয়েছে। মৃতের পরিবারের আর্থিক অবস্থার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেইসঙ্গে রাজ্য সরকার যানজট এড়াতে নতুন দুটি উড়ালপুল নির্মাণের সিদ্ধান্তও নিয়েছে বলে এদিন নবান্নে ঘোষণা করা হয়েছে।

এদিন চিংড়িঘাটার বাইপাস কানেক্টরে বাসের চাকায় পিস্ট হয়ে দুই কলেজ পড়ুয়ার মৃত্যু হয়। দুজনেই বিএ প্রথম বর্ষের ছাত্র। তাঁরা রবীন্দ্রনগর এলাকায় পাশাপাশি বাড়িতে থাকতেন। দুজনেই সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা বাস তাঁদের ধাক্কা মারে। তারপর সাইকেল থেকে তাঁরা ছিটকে পড়লে বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে যান তাঁরা।
এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে চিংড়িঘাটা। চার ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় জনতা। পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। ইটবৃষ্টি, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, ভাঙচুর আগুনে জ্বলতে থাকে এলাকা। কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এই ঘটনায় এলাকায় যখন আগুন জ্বলছে, তখনই এলাকায় যান বিধায়ক সুজিত বসু। মানুষকে বুঝিয়ে শান্ত করেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এরপরই নবান্ন থেকে দু-লক্ষ টাকার সাহায্য ঘোষণা করা হয়। সেইসঙ্গে এদিনই উল্টোডাঙা থেকে মানিকতলা ও গোপালনগর থেকে হাজরা পর্যন্ত উড়ালপুলের কথা ঘোষণা করা হয়। ইতিমধ্যেই নয়া উড়ালপুলের সমীক্ষাও শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়।












Click it and Unblock the Notifications