পদ্মের একটি পাপড়িও ফুটবে না বাংলায়, মনোনয়ন পর্ব শেষে দিলীপ ঘোষদের বার্তা পার্থর
মানুষের সমর্থন নেই বিজেপির সঙ্গে। সাফ জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মানুষের সমর্থন সঙ্গে না থাকলে পদ্মের একটি পাপড়িও ফুটবে না।
মানুষের সমর্থন নেই বিজেপির সঙ্গে। সাফ জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মানুষের সমর্থন সঙ্গে না থাকলে পদ্মের একটি পাপড়িও ফুটবে না। বিজেপির সঙ্গে মানুষের সমর্থন নেই। নেই কোনও সংগঠন। শুধু ফাঁপা আওয়াজ দিয়ে ভোটে জেতা যায় না। ফের তা প্রমাণ হয়ে গেল। সোমবার মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে বললেন তৃণমূল মহাসচিব।

তাঁর ব্যাখ্যা, পঞ্চায়েতে মানুষ চায় তাঁদের পঞ্চায়েতে কারা সঠিক পরিষেবা পৌঁছে দিতে পারবে। তাঁরা এটাও জানে তৃণমূল ছাড়া উন্নয়নের কাজে বিকল্প কোনও নাম নেই। তৃণমূলের কাছে উন্নয়ন আছে, বিরোধীদের কাছে তা নেই। আর উন্নয়ন তো দূর অস্ত, সংগঠনও নেই বিরোধীদের। তাহলে তাঁরা মনোনয়ন জমা দেবেন কী করে!
পার্থবাবু বলেন, নিজেরা ক্ষমতার অভাবে মনোনয়ন দিতে পারছে না। আর শাসক দলকে দোষ দিচ্ছে। পরিকল্পনা করে, উসকানি দিয়ে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। তাঁর কথায়, যেখানে বিজেপি-সহ বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারছে, সেখানে কোনও অশান্তি নেই। যেখানে দিতে পারছে না সেখানেই অশান্তি হচ্ছে।
তৃণমূল মহাসচিব এ প্রসঙ্গে মনে করিয়ে দেন, সবার আগে দেখতে হবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার উন্নয়নের জোয়ার তুলেছে। খাদ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী প্রভৃতি প্রকল্পের মাধ্যমে মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়েছে উন্নয়ন। তার প্রভাব কেউ অস্বীকার করতে পারেন না।
সেই কারণেই বিরোধীরা রাজ্যের কোথাও দাঁত ফোটাতে পারছে না। নির্বাচন কমিশনারকে হাইকোর্ট-সুপ্রিম কোর্টের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন পার্থবাবু। পার্থবাবু বলেন, শুধু টিভিতে মুখ দেখিয়ে ক্ষমতা দখল করা যায় না।
বিরোধীরা সেটাই করতে চাইছে। কিন্তু তা হওয়ার নয়। ক্ষমতার অলিন্দে আসলে হলে মানুষের সঙ্গে থাকতে হয়। মানুষের ভালোমন্দ বুঝতে হয়। নইলে মানুষ প্রত্যাখ্যান করে। তিনি এই বলেই পরিষ্কার করে দেন মানুষের সমর্থন না থাকলে পদ্মের একটি কুঁড়িও ফুটবে না।












Click it and Unblock the Notifications