ভোটকে বিলম্বিত করতেই চক্রান্ত বিজেপির! বহিরাগত এনে প্রাণঘাতী হামলার অভিযোগ পার্থর
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি-সহ বিরোধীরা পূর্ব-পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ভোট বানচাল করে দিতে চাইছে।
চক্রান্ত করে ভোটকে বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। সেই চেষ্টা জারি থেকেছে অতিরিক্ত মনোনয়নের দিনেও। সোমবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি-সহ বিরোধীরা পূর্ব-পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ভোট বানচাল করে দিতে চাইছে। সেই কারণেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি চলছে।

পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি এদিন বাইরের রাজ্যে থেকে লোকজন এনে অশান্তির সৃষ্টি করে। বোমা-বন্দুক নিয়ে হামলা চালায়। অশান্তি পাকিয়ে যেনতেন প্রকারে রাজ্য দখল করাই ওদের লক্ষ্য। কিন্তু বাংলার মানুষ সেই অভিপ্রায় পূরণ করতে দেবেন না। ভোটের ময়দানে আসুন, তাহলেই প্রমাণ হয়ে যাবে সব।
কিন্তু বিজেপি ভোটে ময়দানে আসতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেন পার্থবাবু। তাই ঘন ঘন কোর্টে গিয়ে ভোট বানচাল করার পরিকল্পনা করার মতলব আঁটছে ওরা। এরই মধ্যে মামলার গেরোয় ১০ দিন নষ্ট করেছে বিরোধীরা। আইনি-জট কাটিয়ে ভোট মামলা নির্বাচন কমিশনে ফেরার পর মনোনয়নের অতিরিক্ত দিনেও ঝামেলা পাকিয়ে ফের আদালতে যেতে চাইছে বিজেপি, কংগ্রেস, সিপিএম।
তিনি বলেন, বিজেপি সুপারি কিলার নিয়োগ করে অর্থের বিনিময় রাজ্যে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে। সিপিএমের সব কিছু হারিয়েও শিক্ষা হচ্ছে না। আর রাজ্যের কংগ্রেস বিজেপির লেজ ধরে বাঁচতে চাইছে। কিন্তু যারা জববিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারা আর ফিরতে পারবে না। আর আমরা সন্ত্রাস চালাচ্ছি বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সর্বৈব্য মিথ্যা। তাহলে আমাদের পাঁচজন কর্মী খুন হতেন না।












Click it and Unblock the Notifications