কো-অপারেটিভ ভোট ঘিরে অশান্তি কামারহাটি পুরসভায়, ধাক্কা প্রাক্তন বাম বিধায়ককেও
কামারহাটিতে কো-অপারেটিভ নির্বাচন ঘিরে উত্তেজনা! আজ শনিবার পুরসভার এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন ছিল। আর সেই নির্বাচনেই সিপিএমকে বাধা দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়কেও ধাক্কা দেওয়া হয় বলে জানা গিয়েছে। অভিযোগের তির শাসকদলের দিকেই।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ শনিবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল পুরসভাতে। যদিও যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরসভার গেটের ভেতরে এবং বাইরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা রয়েছে। ভোট শুরু হতেই গন্ডগোল ব্যাপক আকার নেয় বলে অভিযোগ। অভিযোগ বাম নেতাকর্মীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি মারধর করা হয় বলেও অভিযোগ।

আর তা নিয়ে তৃণমূল এবং সিপিএমের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে বলেও অভিযোগ। আর এই গোটা ঘটনার খবর পৌঁছয় কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়ের কাছে। ঘটনাস্থলে তিনি আসলে তাঁকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। প্রাক্তন বাম বিধায়ক নিরাপত্তারক্ষীদের দিয়ে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ।
আর সেই ছবি ক্যামেরায় ধরা পড়ে। যদিও সেই ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকেও আক্রান্ত হতে হয় বলে অভিযোগ। সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়া হয় বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, গণ্ডগোলের ভিডিও যাতে কেউ না দেখাতে পারে সেজন্যে সেই ছবি-ভিডিও ডিলিট করানো হয় বলেও অভিযোগ। ঘটনার দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আসে বলে অভিযোগ।
এই ঘটনার পরেই ওই ভোট বয়কট করে বামেরা। সিপিএমের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে অশান্তি পাকিয়েছে শাসকশিবির। এমনকি প্রহসনের ভোট হচ্ছে বলেও দাবি প্রাক্তন বাম বিধায়কের। এমনকি পুলিশের বিরুদ্ধে নিস্ক্র্যতার অভিযোগ বামেদের। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়েছে।

পালটা তাঁদের দাবি, বামেরা ইচ্ছাকৃত ভাবে এই অশান্তি করেছে। এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার দাবি, বহিরাগতরা ঢুকেই এই ঘটনা ঘটিয়েছে। আর তাঁরা ঢুকতেই নিরাপত্তারক্ষীরা আটকেছে। আর তাদের আটকানো হলেই অশান্তি হয়েছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস গোপাল সাহার।

অন্যদিকে জোর করে জেতার কোনও আনন্দ নেই বলে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে ঘটনা প্রসঙ্গে বলেন, ভোট সব সময়ে কাজের এবন গ উন্নয়নের নিরিখে হওয়া উচিৎ। তবে জোর করে জেতার কোনও আনন্দ নেই বলেই দাবি তৃন মূল বিধায়কের।












Click it and Unblock the Notifications