মোদীর কেদারযাত্রায় নির্বাচনী বিধিভঙ্গ! কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি তৃণমূলের
মোদীর কেদারনাথ যাত্রা নিয়ে নির্বাচনে কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।
মোদীর কেদারনাথ যাত্রা নিয়ে নির্বাচনে কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, এই সফরে যেভাবে মিডিয়া কভারেজ দেওয়া হয়েছে তা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। তৃণমূলের তরফে অভিযোগ প্রচার শেষ হয়ে গেলেও, দুদিন ধরে প্রধানমন্ত্রীর কেদারনাথ যাত্রার খবর স্থানীয় ও সর্বভারতী সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে।

তৃণমূলের তরফে কমিশনে অভিযোগ
তৃণমূলের তরফে মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতে অভিযোগ করে বলা হয়েছে, সপ্তম পর্যায়ের ভোটের প্রচার শেষ হয়ে গিয়েছে ১৭ মে সন্ধে ছটায়। যদিও আশ্চর্যজনকভাবে নরেন্দ্র মোদীর কেদারনাথ যাত্রা গত দুদিন ধরে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। এটা পুরোপুরি নির্বাচনী বিধিভঙ্গের সামিল। এই প্রচার বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। নির্বাচনের কমিশনের কাছে
তৃণমূলের তরফে চিঠি লিখেছেন দলের মুখপত্র ডেরেক ও ব্রায়েন।
তৃণমূলের তরফে অভিযোগ করে বলা হয়েছে, কেদারনাথে গিয়ে জনসভা করেছেন মোদী। এছাড়াও কেদারনাথ মন্দিরের উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরি করা হয়ে গিয়েছে বলেও ঘোষণা করেছেন
মোদী। যা মানুষকে প্রভাবিত করার সামিল। এছাড়াও সেখানে মোদী মোদী ধ্বনিও শোনা গিয়েছে।

প্রশ্ন কংগ্রেসের
কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রধানমন্ত্রী ধ্যানমগ্ন হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এই মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী কোন বার্তা দিতে চাইছেন প্রশ্ন করেছেন তিনি। গেহলট মোদীর সমালোচনা করে বলেন, দেশে চাকরি, কৃষকদের সমস্যা, অর্থনীতি এবং বিদেশনীতির মতো জ্বলন্ত সমস্যা নিয়ে চুপ থেকে ধর্ম ও জাতীয়তাবাদ নিয়ে উস্কে দেওয়া হচ্ছে।

কেদারযাত্রায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেদারনাথ যাত্রা শুরু করেন শনিবার। যেসময়ের অনেক আগেই সপ্তম পর্যায়ের প্রচার শেষ হয়ে গিয়েছে। আর পরের দিনই প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসী সহ দেশের ৮ রাজ্যের ৫৯ টি কেন্দ্রে ভোট। রবিবার যখন ভোট শেষ হবে, তখন প্রধানমন্ত্রী কেদারনাথ, বদ্রিনাথ সফর শেষ করে দিল্লিতে পৌঁছেও যাবেন।
শনিবার প্রধানমন্ত্রী বায়ুসেনার কপ্টারে কেদারনাথ পৌঁছন। সেখানে পুজো দেন। পাহাড়ি বেশে কেদারনাথের পুনর্গঠনের কাজ খতিয়ে দেখেন। পরে প্রায় দু কিমি ট্রেক করে গুহায় গিয়ে ধ্যান মগ্ন হন। পুরো যাত্রা পথের ছবিই সংবাদ মাধ্যম ব্যাপকভাবে প্রচার করেছে। রবিবার তিনি সংবাদ মাধ্যমকে জানান, ভগবানের কাছে তিনি কিছুই প্রার্থনা করেননি। ভগবান তাদের দেওয়ার অধিকার দিয়েছেন কিন্তু কোনও কিছু দাবি করার অধিকার দেননি। মন্তব্য করেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications