তৃণমূল প্রার্থী মালা রায় দোল উৎসবে, দেবশ্রী চৌধুরী সম্পর্কে কী বললেন তিনি?
দোলের দিন আবির খেলায় মাতলেন মালা রায়। মানুষের সঙ্গে দোল যাত্রায় মেতে উঠলেন। সোমবার সকালে দক্ষিণ কলকাতায় তিনি বেরিয়েছিলেন। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী সম্পর্কেও মন্তব্য করলেন মালা রায়।
কলকাতা দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দেবশ্রী চৌধুরীকে। তিনি রায়গঞ্জের বিদায়ী সাংসদ। কেন্দ্রের প্রতিমন্ত্রীও ছিলেন। উত্তরবঙ্গ থেকে একদম খাস কলকাতায় তাঁকে বিজেপি প্রার্থী করেছে।

এদিন মালা রায় বলেন, উত্তরবঙ্গের মানুষ তাঁকে গ্রহণ করেনি। তিনি এলাকায় যাননি সাংসদ থাকাকালীন। তাই দক্ষিণবঙ্গে আসতে হয়েছে। উনি দাঁড়ালে কর্মীরা কাজ করবে না বলেছে। তাই বিজেপি নেতৃত্ব ঠিক করেছে দক্ষিণ কলকাতায় প্রার্থী করতে। দেবশ্রী চৌধুরী সম্পর্কে এমনই বক্তব্য রাখলেন মালা।
রেখা পাত্র বসিরহাট কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন। তিনি সন্দেশখালির প্রতিবাদী মুখ। সেই বিষয় নিয়ে মালা রায়কে প্রশ্ন করা হয়। মালা বলেন, ওদের দল মনে করেছে বসিরহাটে উনি প্রার্থী হলে দল জিততে পারবে। দল যাকে মনে করবে তাকেই প্রার্থী করবে। সে আমাদের দলে হোক বা বিরোধী দলের। সাংসদ, বিধায়ক হোন বা সাধারণ কর্মী হন।
বিরোধীদের প্রার্থী দেওয়া, বাছাই প্রসঙ্গে মালা রায়ের বক্তব্য, বিরোধীরা চেষ্টা করছে ভালো প্রার্থী যদি দেওয়া যায়, দিয়ে দেবে। দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে দোল উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে সামিল হন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়।
এদিন মালা রায় বলেন, আজ সবার রঙে রং মেশাতে হবে। নির্বাচন হোক বা নাই হোক।
জন সংযোগ আমার সারা বছরই থাকে। এটা একটা বিশেষ দিন। এই দিনে আমার ছোটবেলার কথা মনে পড়ে নস্টালজিক হয়ে যাই।
সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে অনেক চর্চা চলেছে। শেখ শাহজাহানরা গ্রেফতার হয়েছেন। সেই বিষয়ে মালা রায় বলেন, সন্দেশখালিতে তো আমরাই এরেস্ট করেছি। সরকার পদক্ষেপ করেছে।












Click it and Unblock the Notifications