শনিবারের পর রবিবারও রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পূর্বাভাস
শনিবারের জের বজায় রেখে রবিবারও আরও কলকাতা সহ নানা জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।
কলকাতা, ২৩ এপ্রিল : শনিবার সকাল থেকেই রাজ্যের আকাশের মুখ ভার ছিল। সারাদিন গুমোট থাকার পরে সন্ধ্যার দিকে ফের কালবৈশাখী ঝড়ের সাক্ষী রইল শহর কলকাতা ও বেশ কয়েকটি জেলা। উত্তর দিনাজপুরে দুপুরের পর থেকেই ঝড়বৃষ্টির দাপট ছিল। রায়গঞ্জে বাজ পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়াতে ভালোই বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে ভালোই। জেলায় কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির খবরও পাওয়া গিয়েছে।

শনিবার শিয়ালদহ দক্ষিণে বারুইপুর-ক্যানিং শাখায় ঝড়বৃষ্টির জেরে ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বহু যাত্রী বাড়ি ফিরতে সমস্যায় পড়েন। এছাড়া কলকাতার হরিশ মুখার্জী রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, পার্ক সার্কাস সহ বেশ কয়েকটি এলাকায় গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে।
শনিবারের জের বজায় রেখে রবিবারও আরও কলকাতা সহ নানা জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে। শনিবারের পর এদিন রবিবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তবে ছুটির দিন হওয়ায় ততটা সমস্যায় আমজনতাকে পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications