বজ্রবিদ্যুৎ সহ ফের বৃষ্টির আশঙ্কা পঞ্চমীতে, আগাম প্রস্তুতিতে কলকাতা পুরসভা

পুজোর আগে ফের প্রবল বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে,আগামী শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন বজ্রবিদ্যুৎ সহ ফের বৃষ্টি হতে পারে কলকাতা শহরে। যদিও এর আগেই মঙ্গলবার টানা বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছিল মহানগর কলকাতা। হাঁটু থেকে কোমর সমান জল জমে যায় শহরের বহু এলাকায়, বন্ধ হয়ে যায় বিদ্যুত্‍ সংযোগ, চরম দুর্ভোগে পড়েন অফিসযাত্রী থেকে নিত্যযাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষও।

আতঙ্কিত শহরবাসীর মনে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন যে পুজোর দিনগুলিতে আবারও কি একই পরিস্থিতি তৈরি হবে?শহরবাসীর সেই উদ্বেগের কথা মাথায় রেখে আগেভাগেই ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে কলকাতা পৌরসভা। মেয়র পারিষদ নিকাশি বিভাগের তারক সিংহ বলেন, ''কলকাতা পৌরসভার একটি সিস্টেম রয়েছে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বদা তৎপর থাকি। তবে মাত্রাতিরিক্ত বৃষ্টি হলে পরিস্থিতি আয়ত্তে আনতে কিছুটা সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এবারে আমাদের লক্ষ্য শারদোৎসবে মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন সেদিকটা নিশ্চিত করা।''

ইতিমধ্যেই পৌরসভা বিশেষ পদক্ষেপ নিতে কাজ শুরু করেছে। শহরের বড় নালা ও খাল ইতিমধ্যেই পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। প্রতিটি স্থানে বিশেষ টিম প্রতিদিন নিকাশি ব্যবস্থা পরীক্ষা করছে।এছাড়াও জমার প্রবণতা যেসব এলাকায় বেশি, সেখানে আগে থেকেই মোবাইল পাম্প বসানো হচ্ছে। টানা বৃষ্টিতে দ্রুত জল সরানোর জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পাশাপাশি বিশেষ টেকনিক্যাল টিম ও কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে পুর কর্তৃপক্ষের তরফে। জরুরি পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনার পর এ বার সিইএসই ও পুলিশের সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে ও খোলা হয়েছে বিশেষ হেল্প লাইন ব্যবস্থা। ভিড় বেশি হয় এমন প্রতিটি বড় পুজো মণ্ডপ এলাকায় আলাদা নজরদারি থাকবে বলে জানা গেছে।

তাছাড়াও দুর্ঘটনা ও বিপত্তি এড়াতে উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুতের তার উঁচুতে রাখার পাশাপাশি চারপাশে জল বেরোনোর ব্যবস্থা করতে। প্রতিটি বরোতে আলাদা নজরদারি টিম তৈরি হয়েছে, যারা নিয়মিত রিপোর্ট দেবে কন্ট্রোল রুমে।পৌরসভার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ''আমরা চাই না উৎসবের আনন্দ মাটি হোক। সোম ও মঙ্গলবারের অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেওয়া হয়েছে। এবার যদি প্রবল বৃষ্টিও হয়, শহরে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় তার সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।''

মোটের উপর সব মিলিয়ে,আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পঞ্চমীর সম্ভাব্য বৃষ্টিকে সামনে রেখে কলকাতা পৌরসভা কড়া নজরদারিতে ও তৎপর রয়েছে। প্রশাসনের তরফে বার্তা কোনও সমস্যায় সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে কারণ শহরবাসীর নিরাপদ উৎসবই পুরসভার অঙ্গীকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+