দমদমে ক্লাস সেভেনের ছাত্রীকে যৌন নির্যাতন, পুলিশের জালে ৩
ফের যৌন নির্যাতনের ঘটনা। এবার ঘটনাস্থল দমদম। ক্লাস সেভেনের এক ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে পুলিশের জালে ৩ যুবক।
গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অভিযোগ পাওয়ার পর গ্রেফতারির খবর আজ জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ক্লাস সেভেনের ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। তখনই এই অনভিপ্রেত ঘটনা ঘটে। পুলিশ জানাচ্ছে, অভিযুক্তদের মধ্যে একজন মেয়েটিকে একটি পার্কে নিয়ে যায়। সেখানে আরও দুজন তাদের সঙ্গে যোগ দেয়।
অভিযোগ অনুযায়ী, এরপর মেয়েটিকে জোর করে একটি ই-রিকশায় তুলে কিছুটা দূরে একটি ঝুপড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয়। যৌন নির্যাতনের পর অভিযুক্ত তিনজন মেয়েটিকে সেখান থেকে চলে যেতে দেয়। যদিও ভয় দেখিয়ে বলে এ ব্যাপারে মুখ না খোলার জন্য।
নির্যাতনের ধরন এবং এতে এক বা একাধিক ব্যক্তি জড়িত ছিল কিনা তা জানতে মেয়েটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ বিজেপি কর্মীরা দমদম থানার বাইরে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।












Click it and Unblock the Notifications