রাজীব-খুনে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: রাজীব দাস হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তিনজনকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল আদালত। শুক্রবার বারাসত কোর্টের বিচারক এই রায় দেন। নিহত রাজীবের পরিবার এই ঘটনায় সন্তোষ ব্যক্ত করেছে।
২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র রাতে দিদি রিঙ্কু দাসের সম্মান বাঁচাতে গিয়ে নিহত হয়েছিল দশম শ্রেণীর ছাত্র রাজীব দাস। মদ্যপ দুষ্কৃতীরা বারাসতে ডিএম বাংলো থেকে ঢিলছোড়া দূরত্বে কুপিয়ে খুন করে ওই কিশোরকে। এর জেরে তোলপাড় হয় রাজ্য। রাজীবের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়ে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

তদন্তের পর ১৩ এপ্রিল চার্জশিট জমা দেয় পুলিশ। গতকাল বিচারক দোষী সাব্যস্ত করেছিলেন বারাসতের নিবেদিতাপল্লির বাসিন্দা মিঠুন দাস, বিধাননগরের বাসন্তী কলোনির বাসিন্দা মনোজিৎ বিশ্বাস ওরফে রাজু এবং মধ্যমগ্রামের নিউ খুলনাপল্লির বাসিন্দা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ওরফে বাবুকে। এ দিন বিচারক প্রবীরকুমার মিশ্র তিনজনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেন।
রায় ঘোষণার পর রিঙ্কু দাস বলেন, "ভাইয়ের কথা মনে পড়লে আজও চোখে জল আসে। আজকের পর কিছুটা হলেও ওর আত্মা শান্তি পাবে।"












Click it and Unblock the Notifications