Kolkata Metro: এই তিনটি মেট্রো স্টেশনে মিলবে না টিকিট, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত মেট্রো রেলের
কলকাতা মেট্রো বড় সিদ্ধান্ত। তিনটি স্টেশন থেকে পাকাপাকি ভাবে তুলে নেওয়া হচ্ছে টিকিট কাউন্টার। মেট্রোর স্মার্ট কার্ড রিচার্জ পর্যন্ত করা যাবে না সেখানে। যে তিনটি মেট্রো স্টেশন থেকে টিকিট কাউন্টার তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল, তারাতলা, সখের বাজার এবং কবি সুকান্ত মেট্রো স্টেশন।
মেট্রোরেল সূত্রে খবর এই তিনটি মেট্রো স্টেশনে দৈনিক যাত্রী সংখ্যা নেহাতই কম। তারাতলা মেট্রোস্টেশনে দৈনিক গড়ে ৭০ জন যাত্রী যাতায়াত করেন। কবি সুকান্ত মেট্রো স্টেশনে দৈনিক ২২০ জন যাত্রী যাতায়াত করেন আর সখের বাজারে দৈনিক গড়ে ৫৫ জন যাতায়াত করেন। সেকারণেই এই তিনটি মেট্রো স্টেশন থেকে তুলে নেওয়া হচ্ছে টিকিট কাউন্টার।

১ অগস্ট থেকেই নাকি এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। মেট্রো স্মার্ট কার্ডও রিচার্জ করা যাবে না। টিকিট কাটতে হলে কিআর কোড দিয়ে টিকিট কাটতে হবে। স্বয়ংক্রিয় মেশিন থেকে টিকিট কাটার ব্যবস্থা রাখা হবে এই তিনটি মেট্রো স্টেশনে।
এই তিনটি স্টেশনের যাত্রীদের সেই স্বয়ংক্রিয় মেশিন থেকেই যাবতীয় কাজ করতে হবে। অর্থাৎ টিকিট কাটা থেকে শুরু করে স্মার্ট কার্ড রিচার্জ কর, স্মার্ট কার্ড কেনা সবটাই করতে হবে সেই স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে। ইউপিআইয়ের মাধ্যমে কিআর কোড স্ক্যান করে টিকিট কাটা যাবে। কলকাতা মেট্রোরেল পরিষেবাকে আরও উন্নত করে গড়ে তুলতে নানা উদ্যোগ নিচ্ছে কলকাতা মেট্রোরেল।
কলকাতায় মেট্রোস্টেশন গুলিকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। একাধিক রুটে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে। মেট্রো রেকগুলিকেও আধুনিক করা হয়েছে। একাধিক পরিষেবায় জোর দেওয়া হচ্ছে। গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাওয়ার পর থেকে হাওড়ায় যোগাযোগ সুগম হয়েছে। রেকর্ড সংখ্যক যাত্রীদের ভিড় হচ্ছে এই রুটে। সেই সঙ্গে বাজেটে মেট্রো পরিষেবার জন্য মোটা টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী কয়েক বছরে শহরে আরও একাধিক নতুন রুটের মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications