ফোর্ট উইলিয়ামের নাম বদলে নেতাজির নামে করা হোক! অন্তর্ধান দিবসে দাবি সুভাষ বোসের নিকটাত্মীয়দের
ফোর্ট উইলিয়ামের নাম বদলে নেতাজির নামে করা হোক! অন্তর্ধান দিবসে দাবি সুভাষ বোসের নিকটাত্মীয়দের
১৯৪৫ সালের ঠিক এই দিনটিতেই তাইহোকু বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছিলেন ভারতের অন্যতম প্রধান স্বাধীনতা সংগ্রামী তথা নবীন ভারতের প্রানপুরুষ নেতাজি সুভাষ চন্দ্র বসু। তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি তাঁর। স্বাধীনতার আগেই তাঁর অন্তর্ধান ঘটলেও দেশকে পরাধীনতার বেড়াজাল থেকে মুক্ত করতে তাঁর অবদান ভোলা যায়না। আজ ৭৫ বছর কেটে গেলেও সমাধান হয়নি তাঁর মৃত্যু রহস্য। আজ তাঁর অন্তর্ধান দিবসেই তাঁর পরিবারের একাংশ কলকাতা ফোর্ট উইলিয়ামের নাম বদলে 'নেতাজি'র নামে করার দাবি তুলল।

অন্তর্ধান দিবসে শ্রদ্ধার্ঘ্য হিসেবেই ফোর্ট উইলিয়ামের নাম বদলের ডাক
সম্পর্কে নেতাজির নাতি ইন্দ্রনীল মিত্র জানান, " নেতাজি সুভাষ চন্দ্র বসুর নিখোঁজ হওয়ার সরকারি দিনে আমাদের দাবী কলকাতার ফোর্ট উইলিয়ামের নামকরণ নেতাজির নামে হোক। কারণ ১৯১৬ সালের ফেব্রুয়ারী মাস থেকে মাত্র ২০ বছর বয়সে ফোর্ট উইলিয়াম থেকেই চার মাসের সামরিক অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। তাঁকে হারানোর দিনে এটিই তাঁর জন্য চূড়ান্ত শ্রদ্ধা জ্ঞাপন হবে।"

ইতিহাসের পাতায় অজানা তথ্য
ইন্দ্রনীল মিত্র আরও বলেন, অনেকেরই এটা অজানা যে ফোর্ট উইলিয়ামে ৪মাস অতন্ত্য কঠোর সামরিক অস্ত্র শিক্ষা নিয়েছিলেন নেতাজি। এই প্রসঙ্গে নেতাজি পরিবারর এই সদস্য জানান, " ভারত সরকার এই দাবি বিবেচনা করুক এবং ফোর্ট উইলিয়ামের ভারতীয় সেনাবাহিনীর ছয়টি অপারেশনাল কমান্ডের মধ্যে একটি নাম বদলে স্বাধীনতা সংগ্রামী নেতাজির নামে রাখা হোক"। অন্যথায় তারা অন্য পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।

ব্রিটিশরা দেশ ছেড়েছে তবু কেন নাম থাকবে ফোর্ট উইলিয়াম! প্রশ্ন নেতাজির পরিবারের
ভারতীয় সেনাবাহিনীর একটি শাখা ইস্টার্ন কমান্ড, কলকাতার ফোর্ট উইলিয়ামের সদর দফতরের অন্তর্ভুক্ত। বাংলা থেকে সিকিম সহ পুরো উত্তর-পূর্ব ভারতের দায়িত্বেই এই কমান্ডটি। অথচ ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস ও আমরা ভুলিনি তবু কেন এই কমান্ডটির নাম থাকবে ফোর্ট উইলিয়াম, এমন প্রশ্নই ছুঁড়ে দিয়েছে নেতাজির পরিবার। তাদের আর্জি উইলিয়াম নয় দেশবাসী তাদের মহান সংগ্রামীর কথা মনে রাখুক।

নেতাজির প্রাপ্য সম্মানের দাবীতে সোচ্চার তাঁর আরেক আত্মীয়ও
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাইজি রাজশ্রী চৌধুরী বলেছেন, নেতাজির রহস্যজনক অন্তর্ধানের পরদিনই অখিল ভারতীয় হিন্দু মহাসভা বা এবিএইচএম ফোর্ট উইলিয়ামের নাম বদলে 'সুভাষ কেল্লা' রাখার দাবি জানায়, এখনও তার বিচার মেলেনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এই দাবি বিবেচনা করে দেখার অনুরোধ করে তিনি জানান, প্রতিটি ভারতীয় 'দেশপ্রেমের প্রতীক' হিসাবে নেতাজিকে মনে রাখলে একটি সরকারী স্বীকৃতির পাশাপাশি তাঁকে চূড়ান্ত সম্মানও জানানো হবে।












Click it and Unblock the Notifications