দুর্ঘটনার পরের দিনই ফুরফুরে মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খেললেন ক্রিকেট, ফুটবল
গতকাল বড় ফাঁড়া গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বড় দুর্ঘটনার থেকে মুহূর্তের জন্য রক্ষা পেয়েছিলেন। কিন্তু পরের দিনই তিনি খোশমেজাজে। ব্যাট হাতে নেমে পড়লেন ক্রিকেট খেলতে। মন্ত্রী অরূপ রায়ের বলে কট এন্ড বোল্ডও হলেন।
কেবল ক্রিকেট হয়। ফুটবল নিয়ে খানিকক্ষণ ড্রপ খাওয়ালেন। হকি স্টিক হাতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। খেলাশ্রী প্রকল্পের পুরষ্কার প্রদান অনুষ্ঠান ছিল ধনধান্য স্টেডিয়ামে। সেখানেই আজ বৃহস্পতিবার বিকেলে এমন ফুরফুরে মেজাজে দেখা গেল।

এদিন রাজ্যের তরফে খেলাশ্রী প্রকল্পের পুরষ্কার প্রদান অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুটা আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন। মন্ত্রী অরূপ রায় ও অন্যান্যরাও উপস্থিত ছিলেন। স্টেডিয়ামে ঢুকেই ব্যাট, বল দেখে খুশি হন মুখ্যমন্ত্রী। হাত বাড়িয়ে ব্যাট তুলে নেন। বলও এসে যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাট করতে নেমে পড়েন। বোলারের ভূমিকায় তাঁর অন্যতম প্রিয়পাত্র মন্ত্রী অরূপ বিশ্বাস৷ বল করেন অরূপ। প্রথম বল ব্যাটে লাগাতে পারেননি। পরের বল করেন অরূপ। এবার মুখ্যমন্ত্রী ব্যাট চালান। ব্যাটে বল লাগেও৷ কিন্তু এবার সোজা সেই বল অরূপের তালুবন্দি হয়। মুখ্যমন্ত্রীকে ক্যাচ আউট করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল নিয়েও কিছুটা সময় খেলেছেন। হকির স্টিক হাতে নেন। হকিও খেলেন তিনি সামান্য পরিসরে৷ এদিন ফুরফুরে মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এরপর তিনি মূল অনুষ্ঠানে যোগ দিতে ভিতরে যান।
গতকাল বুধবার বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট লেগেছিল। কনভয়ের উল্টো দিকে তাঁর গাড়ির সামনে অন্য একটি গাড়ি দ্রুত গতিতে এসেছিল বলে খবর। মুখ্যমন্ত্রীর গাড়ি জোরে ব্রেক কষেছিল। সেই সময় গাড়ির ড্যাশবোর্ড আঘাত লাগে মুখ্যমন্ত্রীর কপালে। সামান্য রক্তপাত হয়েছিল।
বুধবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, মাথায় সামান্য ব্যথা আছে। ওষুধ নিয়েছেন তিনি। ঠান্ডাও লাগছে। বাড়ি ফিরছেন মুখ্যমন্ত্রী। তবে ডাক্তার দেখাবেন না। তাও জানিয়েছিলেন।
গতকালের দুর্ঘটনার পর এখন চাঙা মুখ্যমন্ত্রী। নিত্যদিনের ব্যস্ত রুটিনেই তাঁকে এদিন দেখা গেল। ধনধান্য স্টেডিয়ামে ফুরফুরে মেজাজে মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications