kolkata durga puja carnival: কার্নিভালে নৌকার দাঁড় বাইলেন মুখ্যমন্ত্রী, হেঁটে উঠলেন মঞ্চে
দীর্ঘ সময় পর বাইরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। শুধু যোগই দিলেন না। বলা ভালো, গানের অংশে অন্যান্যদের সঙ্গে নৌকার দাঁড়ও বাইলেন।
পায়ে চোট লাগার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্রামে ছিলেন। পুজোতেও বাড়ির বাইরে পা রাখেননি। কার্নিভালে যোগ দেওয়ার কথা ছিল। শুক্রবার তিনি সেই অনুষ্ঠানে যোগ দিলেন। রেড রোডে পৌঁছে মঞ্চ অবধি রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেই আসেন।

দর্শকাসন থেকে তাঁকে শুভেচ্ছাও জানানো হয়। এবারে মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখেই মঞ্চের উচ্চতা কমানো হয়েছে। মঞ্চে ওঠার জন্য ঢালু চলাচলের পথ করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর পায়ের চোটের কথা ভেবেই এই ব্যবস্থা। সেটি আর বলার অপেক্ষা রাখে না।
প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের মধ্যে অংশ নেন। গানে গলা মেলান। কখনও দেখা যায় নৃত্যে সামিল হতে। তাঁর পায়ে চোট ছিল। এবার কি তিনি আসন ছেড়ে উঠবেন? এই প্রশ্ন উঠেছিল। দেখা গেল পুরনো ভূমিকাতেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন।
হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গানে নৃত্যাংশ করা হয়েছিল। সেই গানেই মুখ্যমন্ত্রী সামিল হন। মঞ্চে টলিউড ও টেলি সিরিয়ালের অভিনেত্রীরা ছিলেন। তাঁরা ওই গানে অংশ নেন। নৌকার দাঁড় বাওয়ার অংশ উপস্থাপিত হচ্ছিল। মুখ্যমন্ত্রীও সেখানে যোগ দেন। তিনিও দাঁড় বাইতে থাকেন কয়েক মিনিটের জন্য।
তবে এখানেও রাজনৈতিক খোঁচা রয়েছে বিরোধীদের একাংশের। মন্ত্রিসভার বনমন্ত্রী আদালতে অসুস্থ হয়ে পড়েছেন। আর তিনি সেখানে মঞ্চে দাঁড় বাইছেন। এই নিয়ে সমালোচনা শুরু হয়।
রেড রোডের এই কার্নিভালে পাঁচ হাজার দর্শকাসন রয়েছে। বিকেলেই শুরু হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। এবার কলকাতা ও হাওড়া মিলিয়ে ১০১ টি ক্লাব কার্নিভালে অংশ নিয়েছে। দীক্ষামঞ্জরির তরফে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। উদ্বোধনী নৃত্যে নিজে ডোনা গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন। ২০১৬ সাল থেকে এই কার্নিভাল শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications