তাপসের ঢিল বিজেপিকে তাক করে, বাবুলকে ঘরের ছেলে বলতেন গৌতম!
আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। বাবুল সুপ্রিয় তো রোজভ্যালির ঘরের ছেলে, কলকাতায় রোজভ্যালির একটি হোটেলে থাকত।
কলকাতা ও ভুবনেশ্বর, ২ জানুয়ারি : এবার সরাসরি বিজেপি-র দিকে ঢিল ছুঁড়লেন রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল সাংসদ তাপস পাল। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে রোজভ্যালির 'ঘরের ছেলে' বলে উল্লেখ করলেন তাপসবাবু। সংবাদ মাধ্যমের সামনে বোমা ফাটিয়েছেন অভিনেতা-সাংসদ। বলেছেন, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। বাবুল সুপ্রিয় তো রোজভ্যালির ঘরের ছেলে, কলকাতায় রোজভ্যালির একটি হোটেলে থাকত।
তাপস পালের এই কথায় স্পষ্ট ইঙ্গিত, তিনি তৃণমূল কংগ্রেস করে বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অথচ যাঁরা কেন্দ্রের শাসকদলে রয়েছেন, তাঁদের বেলায় সাত খুন মাপ। রোজভ্যালিকাণ্ডে বাবুলের নাম করে তা-ই বোঝাতে চেয়েছেন তাপস পাল। তাসসের সুরে সুর মিলিয়েছেন তাপস-জায়া নন্দিনী পালও। তিনিও জানিয়েছেন, বাবুল রোজভ্যালির ঘরের ছেলে।

উল্লেখ্য, তাপস পাল গ্রেফতার হতেই বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়-র দিকে তাক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। সাংবাদিক বৈঠকে দুই বিজেপি নেতা-মন্ত্রীর নাম করে বলেছিলেন, ফিল্ম স্টাররাই ব্র্যান্ড অ্যাম্বাসাডার হন। বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলিরাও তো রোজভ্যালির আতিথেয়তা নিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশের সবচেয়ে বড় চিটফান্ড কোম্পানির বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রতিহিংসার রাজনীতি মানুষ মেনে নেবেন না। প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে, তিনি জানেন তা আরও বাড়বে। এর মোকাবিলা করতে তিনি প্রস্তুত।
মুখ্যমন্ত্রীর পাশে থাকার এই বার্তা পেয়েই সুর চড়ান তাপস পাল। শুধু বাবুল সুপ্রিয়কেই আক্রমণ করে ক্ষান্ত থাকেননি তিনি। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে আক্রমণ করে তাপসবাবু জানিয়েছেন, গৌতমই চিটফান্ডে নামতে বাধ্য করেন তাঁকে। এখন স্পষ্টতই মনে হচ্ছে তা। সবকিছুই পরে প্রমাণিত হবে। তাঁর ভরসা আছে আইনের প্রতি, বিচারব্যবস্থার প্রতি।












Click it and Unblock the Notifications