লোকসভায় ভোট পাওয়ার জন্য এই বাজেট, দিশাহীন বলে দাবি করলেন শুভেন্দু
লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার বাজেট তৈরি করেছে। এই বাজেটকে দিশাহীন বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বাজেট পেশের সময় এদিন চূড়ান্ত হইচই চলেছিল। বাজেট বক্তৃতার মধ্যেই শুভেন্দু অধিকারীরা হট্টগোল করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারান। তিনি বিরোধীদের আচরণে ক্ষুব্ধ।

শেষ অবধি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জনমোহিনী বাজেট হয়েছে বলে তৃণমূল পক্ষ দাবি করেছে। বাংলার উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে এই বাজেটে। তবে এই বক্তব্য মানতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বাজেট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি দাবি করেন, এই বাজেট ভোটের প্রচার ছাড়া আর কিছু নয়। আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বাজেটে চমক দেওয়া হয়েছে।
এই বাজেট ক্ষমতায় টিঁকে থাকার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। রাজ্যের অর্থনীতির বারোটা বাজুক। এই বাজেটকে দিশাহীন দাবি করে এমনই মন্তব্য শুভেন্দুর।
এবারের বাজেটে দায় খয়রাতির অঙ্ক বাড়ানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক বাড়ানো হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, অসমে ২৫০০ টাকা করে মহিলাদের দেওয়া হয়৷ মধ্যপ্রদেশের 'লাডলি বহেনা' প্রকল্পে দেড় হাজারের পরিবর্তে তিন হাজার টাকা দেওয়া হয়। সেখানে এই রাজ্যে মাত্র ৫০০ টাকা মহিলাদের বাড়ানো হয়েছে।
এবারের বাজেটে ৩ লক্ষ ৬৬ হাজার ১১৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যের রাজস্বের কী অবস্থা, জানানো হয়নি৷ কোথা থেকে টাকা আসবে বলা হয়নি। অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
ভোট পাওয়ার জন্য ডিএ ঘোষণা করা হয়েছে। রাজ্যের মানুষকে টুপি পরিয়ে ভোট কেনার ব্যবস্থা করেছে তৃণমূল সরকার। এমনই মন্তব্য করেছেন শুভেন্দু।












Click it and Unblock the Notifications