Suvendu Adhikari: খেজুরিতে ২ ডিসেম্বরই সভা করবেন শুভেন্দু অধিকারী, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
ফের মুখ পুড়ল রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের ধাক্কা খেল পুলিশ প্রশাসন। ২ ডিসেম্বর শুভেন্দু অধিকারী সভা করতে পারবেন। যদিও সেজন্য কিছু বিষয় নির্দেশ করে দিয়েছে আদালত। খেজুরিতে নির্দিষ্ট দিনেই রাজ্যের বিরোধী দলনেতা সভা করবেন। পরিষ্কার এই কথা জানিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
শুধু তাই নয়, রাজ্যের পক্ষে আইনজীবীকে প্রশ্নে বিব্রত করেছেন তিনি। আরও একটি জয় রাজ্যের বিরোধী দলনেতার। প্রশাসনের তরফ থেকে তার সভার অনুমতি দেওয়া হয় না। একাধিক জেলায় অতীতে তাঁর সভা বাতিল হয়ে গিয়েছে। সভা করার জন্য এখন আদালতে মামলা করতে হয় রাজ্য বিজেপি ও শুভেন্দু অধিকারীকে। এবারও সেই একই গতিপ্রকৃতি দেখা গেল।

আগামী ২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করার কথা ছিল শুভেন্দুর। ওই সভার অনুমতি নিয়ে বিস্তর জলখোলা হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার জানা যায় খেজুরিতে সভা করার অনুমতি পুলিশ প্রশাসন দেয়নি। ফলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ শুক্রবার সেই মামলার শুনানি হয়। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যকে একাধিক প্রশ্ন করেছেন। সেই প্রশ্নে যথেষ্ট বিব্রত হতে হয়েছে রাজ্যের তরফের আইনজীবীকে।
সভা করার ১৫ দিন আগে জানাতে হবে। একথা বলা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বিচারপতি প্রশ্ন করেছেন শাসক দল কি কর্মসূচি করার ১৫ দিন আগে পুলিশকে জানায়? বিচারপতি জয় সেনগুপ্তর আরও প্রশ্ন, কেন সব সময় বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে?
অতীতেএমন ঘটনা দেখা গিয়েছে। সর্বশেষ ধর্মতলায় অমিত শাহের সভা ঘিরেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চে জেতে রাজ্য বিজেপি। সভা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। কেন বিজেপি সভা করতে পারবে না? সেই প্রশ্ন থেকে বারবার তোলা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে।
এদিন শুভেন্দু অধিকারীর সভার জন্য অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে কিছু বিষয়কে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট শব্দবিধি মেনে শান্তিপূর্ণ সভা করতে হবে। কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না সেখানে। সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুর দুটো থেকে পাঁচটা ওই সভার সময় নির্দিষ্ট করা হয়েছে। শেষবার যখন শাসক দল সভা করেছিল, তখন মঞ্চের আয়তন কত ছিল? জানতে চেয়ে রাজ্যকে প্রশ্ন বিচারপতির।












Click it and Unblock the Notifications