নিয়োগ দুর্নীতিতে সব থেকে লাভবান 'ভাইপো'! 'রায়'বাবুর নাম করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
রাজ্যে শিক্ষা বিভাগে নিয়োগ দুর্নীতিতে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, সব থেকে বেশি লাভবান। তবে তিনি তাঁর নাম উচ্চারণ না করে ভাইপো বলে সম্বোধন করেছেন।
সকালে রেডরোডে নেতাজির মূর্তিতে মালা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অংশ নিয়েছেন আরএসএস-এর পরাক্রম দিবসের অনুষ্ঠানে।
এদিনও বিরোধী দলনেতা রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব। তিনি সরাসরি নিশানা করেছেন ভাইপোকে।

নিশানায় ভাইপো
যে সময় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের জোড়া ডায়েরিতে থাকা সাংকেতিক ভাষা উদ্ধারে ব্যস্ত ইডি, ঠিক সেই সময় ফের একবার নিয়োগ দুর্নীতি নিয়ে ভাইপোকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন নিয়োগ দুর্নীতিতে ৩ হাজার কোটি টাকা তোলা হয়েছে। যার ২ হাজার কোটি সরাসরি গিয়েছে ভাইপোর কাছে। তিনি দাবি করেন, শুধু ৭৫ শতাংশই নয়, কোনও কোনও ক্ষেত্রে ৮০ শতাংশ টাকা ভাইপোর কাছে গিয়েছে।

একাধিক নাম শুভেন্দু অধিকারীর মুখে
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতিতে যুক্ত একাধিক নাম করেন। তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়া হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম যেমন করেছেন, ঠিক তেমনই তিনি ভাইপোর আপ্তসহায়ক 'রায়'-এর নামও উল্লেখ করেছেন। বলেছেন, ভাইপোর আপ্ত সহায়ককে ধরলেই সব বেরিয়ে আসবে।

রাজ্য সরকারকে নিশানা
এদিন সকালে রেড রোডে নেতাজির মূর্তিতে মালা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, শাসক দল সাত সকালে ঘুম থেকে উঠতে পারে না। কটাক্ষ করে তিনি বলেন, ওরা বেলা বারোটার আগে ঘুম থেকে উঠে নেতাজিকে শ্রদ্ধা জানাতে আসতে পারবে না রাজ্য সরকারের কেউ। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির মূর্তিতে মাল্যদানের কর্মসূচি বেলা বারোটায়।

অন্য পোশাকে শুভেন্দু
এদিন বিরোধী দলনেতা শহিদ মিনারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মসূচিতে অংশ নেন। সংঘের প্রধান মোহন ভাগবত কলকাতায় এসে নেতাজির জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যাঁরা রাষ্ট্রীয়বাদী, যাঁরা দেশকে ভালোবাসেন, তাদেঁর প্রত্যেকের এই জনসভায় উপস্থিত থাকা উচিত এবং সংঘপ্রধান মোহন ভাগবতের বক্তব্য শোনা উচিত। এদিন শহিগ মিনারে শুভেন্দু অধিকারীকে পাওয়া যায় একেবারে অন্য পোশাকে। যেখানে বিরোধী দলনেতা সাধারণভাবে পাজামা-পাঞ্জাবিতে অভ্যস্থ, সেখানে তাঁকে ফুল সাদা জামা এবং খাকি ফুলপ্যান্ট পরে দেখা যায়। মাথায় ছিল সংঘের কালো টুপি। এদিন আরএসএস-এর কর্মসূচিতে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্য নেতারাও। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে, শুভেন্দু অধিকারী এর আগে বলেছিলেন স্কুল জীবনে কাঁথিতে সংঘের শাখায় তাঁর যাতায়াত ছিল। তিনি বলেছিলেন, আরএসএসের শাখায় শরীর ও মানসিকতার বিকাশ চর্চা হয়।












Click it and Unblock the Notifications