কিছু হলে বাংলায় আগুন জ্বলবে, ডিএ মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি বিরোধী দলনেতার
Suvendu Adhikari: আতঙ্কে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়! ডিএ আন্দোলনকারীদের কিছু হলে আগুন জ্বলবে। আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে এভাবেই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে রেড রোডে ক্রসিংয়ে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন।
সেখান থেকে সোজাসুজি ডিএ'র আন্দোলনকারীদের (DA Protest) মঞ্চে পৌঁছে যান বিরোধী দলনেতা (Suvendu Adhikari) । বকেয়া ডিএ'য়ের দাবিতে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত সরকারি কর্মীরা। কিন্তু এরপরেও সরকারের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

এই অবস্থায় মঙ্গলবার সকালে আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা। আমরণ অনশনে বসা চার রাজ্য সরকারি কর্মীর সঙ্গে কথা বলেন তিনি। খোঁজ নেন স্বাস্থ্যের। পাশাপাশি আন্দোলনকারীদের নবান্ন অভিযান করার পরামর্শও দেন শুভেন্দু অধিকারী। আর তা হলে তিনি তাঁদের পাশে থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, জরুরী পরিষেবা ছাড়া বাকি সর্বাত্মক ধর্মঘটে যাওয়ার কথাও বলেন নন্দীগ্রামের বিধায়ক।
তাঁর কথায়, সরকারি কর্মীরা অনেক বেশি সচেতন এবং সংবেদনশীল। কিন্তু ২০১৬ সালের পর তারা এই সরকারের স্বরূপ বুঝেছেন। বুঝেছেন তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। শুধু তাই নয়, আবাস যোজনা থেকে শৌচালয়। কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা লুঠ হয়েছে। একের পর এক দুর্নীতির সাক্ষী রাজ্য সরকারি কর্মীরা থেকেছেন বলেও দাবি শুভেন্দুবাবুর।
আর তাই এদের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত বলে মন্তব্য তাঁর। পোস্টাল ব্যালটে এই সমস্ত কর্মীদের পাবেন না। তাই এদের উপর দমন পীড়ন নীতি নেওয়া হয়েছে বলে তোপ বিরোধী দলনেতার। আর এরপরেই কার্যত রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই অনশনকারীদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে। যদিও শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করে শাসকদল তৃণমূল।
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, বাংলায় অশান্তি এবং আগুন জ্বালাতে চায়। আর সেই কারনেই এমন উস্কানি শুভেন্দু অধিকারী দিচ্ছে বলে দাবি। মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করেছেন। কিন্তু এরপরেও আন্দোলন নিয়ে প্রশ্ন তৃণমূল সাংসদের। যদিও এই প্রসঙ্গে বিরোধী দলনেতার মন্তব্য, এদের দাবি আংশিক সফল। ঠেলায় পড়ে ৩ থেকে ৪ শতাংশ ডি এ দিয়েছে।
বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। যদিও এই আন্দোলন নিয়ে বারবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডিএ কোনও অধিকার নয়। কিন্তু বকেয়া ডিএ'য়ের দাবিতে অনড় সরকারি কর্মীরা।












Click it and Unblock the Notifications