দুর্নীতিগ্রস্তদের নিয়ে কোরাপশন ইউনাইটেড ফ্রন্ট! নবান্নে নীতীশ-মমতা-তেজস্বীর বৈঠকের পর তোপ শুভেন্দুর
দুপুরে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে দেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ২০২৪-এর সাধারণ নির্বাচনকে লক্ষ্য করে এই বৈঠক হয়েছে। যা নিয়ে এদিন আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা বলেছেন, একটা অশুভ আঁতাত। দুর্নীতিগ্রস্তদের জোট হচ্ছে। কোরাপশন ইউনাইটেড ফ্রন্ট তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি কটাক্ষ করে বলেছেন এর চেয়ারম্যান হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কনভেনর হলেন অরবিন্দ কেজরিওয়াল। এই জোটের কোনও দিশা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

নবান্নে বিরোধী জোট নিয়ে এদিনের বৈঠককে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, নীতীশ কুমার তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে নবান্নের সরকারি অফিসে বসে কেন্দ্রের সরকারকে বদলাতে চোরেদের সিন্ডিকেটের একতার আহ্বান করে গিয়েছেন।
তৃণমূল এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের বিরোধী জোটের মুখ করতে চেষ্টা করতে দেখা হিয়েছে। যে নিয়ে এদিন কটাক্ষ করতে গিয়ে বিরোধী দলনেতা বলেছেন, লোকসভা ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা হয়। তিনি পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

এদিন বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেডের সভার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সেখানে সব বিরোধী দল ছিল। তবে সেখানে সেই সময় নীতীশ কুমার ছিলেন না। সেই বিরোধী ঐক্যের পরিণতি মানুষ দেখেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
বিরোধী দলনেতা এদিন কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্টকে সাজানো রিপোর্ট বলে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, শারীরিক অত্যাচারের পরে হত্যা করা হয়েছে ওই নাবালিকাকে। তিনি বলেছেন রাজ্য পুলিশের ওপরে আস্থা হারিয়েছে ওই নাবালিকার পরিবার।

শুভেন্দু অধিকারী বলেছেন, বিষয়টি নিয়ে এসসি কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও মহিলা কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। কালিয়াগঞ্জের ওই রাজবংশী পরিবারের পাশে বিরোধী দল রয়েছে বলেও জানিয়েছেন তিনি। পুলিশ বিজেপির দুই বিধায়ককে সেখানে ঢুকতে না দিলেও, তৃণমূল নেতাদের সেখানে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে।
বিরোধী দলনেতা বলেছেন নাবালিকার পারলৌকিক ক্রিয়ার যাবতীয় কাজ শেষ হলে, ওই পরিবারকে কলকাতা এনে আইনি সাহায্য দেওয়া হবে। সিবিআই তদন্তের দাবিতে মামলা করা হবে কলকাতা হাইকোর্টে। কয়েকদিনের মধ্যে এব্যাপারে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications