২৮ জুন পর্যন্ত স্বস্তি পেলেন শুভেন্দু, কলকাতা হাইকোর্ট দিল অন্তর্বর্তী স্থগিতাদেশ
আরও দুই সপ্তাহের বেশি স্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিস তথা বাড়িতে পুলিশি তল্লাশি এখনও করা যাবে না। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো।
লোকসভা নির্বাচনের আগে পুলিশ শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশি চালিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময় পুলিশি অভিযানের উপর স্থগিতাদেশ জারি করা হয়।

আজ ফের কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি হয়েছিল। ২৮ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না। এই নির্দেশ জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ জুন। বিচারপতি এও জানিয়েছে, এই সময়ের মধ্যে জরুরি কোনও নির্দেশের প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হতে পারবে পুলিশ।
ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুর জেলার লোকসভা আসনগুলিতে নির্বাচন ছিল। তার আগে ২৪ মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশি চালায় পুলিশ। ঘটনায় রীতিমতো রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছিল আশপাশের এলাকায়। পরে আদালতের দ্বারস্থ হন তিনি।
আদালতে শুভেন্দুর দাবি ছিল, তাঁকে হেনস্থা করতে চক্রান্ত করছে পুলিশ। মঙ্গলবার তাঁর বক্তব্যে সাপেক্ষে আদালতে হলফনামা জমা দেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। যদিও শুভেন্দুর যুক্তি নস্যাৎ করেছে রাজ্যের তরফের আইনজীবী।
রাজ্যের দাবি, সুরজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র ও টাকা জড়ো করা হয়েছে। পুলিশের কাছে এই খবর ছিল। পুলিশের দায়িত্ব এই ব্যাপারে অনুসন্ধান করা। আর সেটাই পুলিশ করেছে। তার সঙ্গে মামলাকারী শুভেন্দু অধিকারীর কোনও যোগ নেই।












Click it and Unblock the Notifications