ভাগের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী! মমতার সঙ্গে নিজের তফাত বোঝালেন শুভেন্দু অধিকারী
সবার মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নন্দীগ্রামের সোনাচূড়ায় এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা শুভেন্দু অধিকারী নিজের উদাহরণ দিয়ে দাবি করেন, তিনি সবার বিরোধী নেতা। প্রতিবেদন লেখা পর্যন্ত এনিয়ে অবশ্য তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত'-এর ১০১ তম পর্ব প্রত্যেক বারের মতো এদিনও নন্দীগ্রামের ১৫০টি বুথে সম্প্রচারিত হয়েছে। সোনাচূড়া শহিদ পার্কে নন্দীগ্রাম কৃষিজমি রক্ষা আন্দোলনের শহিদ পরিবার ও এলাকার মানুষদের সঙ্গে বসে 'মন কি বাত' অনুষ্ঠান ডিজিট্যাল মাধ্যমে শোনেন শুভেন্দু অধিকারী। তারপরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

শুভেন্দু অধিকারী এদিন কুড়মি নেতা রাজেশ মাহাতোর গ্রেফতারির তীব্র নিন্দা করেন। তিনি বলেন, কুড়মি নেতাকে কোন কোন ধারায় গ্রেফতার করা হয়েছে, তা তিনি জানেন না। তবে ওই নেতা ও তাঁর পরিবার যদি তাঁর (শুভেন্দু অধিকারী) কাছে আইনি সাহায্য চান, তবে তিনি তা দেবেন বলেও জানান। প্রসঙ্গ শুভেন্দু অধিকারী রাজেশ মাহাতকে বদলিরও তীব্র নিন্দা করেছেন।
বিরোধী দলনেতা বলেন, তিনি বগটুইয়ে মহিলা ও শিশু-সহ ১০ জনকে পুড়িয়ে মারার পরে সেখানে গিয়েছিলেন। সেখানকার মানুষ বিজেপিকে ভোট দেবেন কিনা তা তিনি জানেন না। আবার পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস নেতা তপন কান্দুর হত্যার পরেও সেখানে গিয়েছিলেন। এসবের মধ্যে দিয়ে তিনি সবার বিরোধী নেতা হওয়ার চেষ্টা করছেন বলেও জানান।

এদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভাগের রাজনীতি করার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ৩০ শতাংশ ভোটকে একদিকে রেখে বাকিদের ভাগ করছেন। একে অপরের বিরুদ্ধে লড়াই লাগিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ৫০০ টাকায় কী হয়। মোবাইল রিচার্জ করতেই তো ৩৫০ টাকা লেগে যায়। অন্যদিকে তিনি প্রধানমন্ত্রী মোদীর বিনা পয়সায় রেশন দেওয়ার কথা উল্লেখ করেন।

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, এগরার বিস্ফোরণের পরে যে আইসিকে বদলি করা হয়েছে, তাকে প্রতিমাসে ৫০ হাজার টাকা করে তুলে দিতে হত। এটা কি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানতেন না, প্রশ্ন করেন তিনি। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে অস্থায়ী পুলিশ কর্মীদের থেকে টাকা তোলার অভিযোগও করেছেন।












Click it and Unblock the Notifications