মোদী নয়, এবার নাম হোক মমতার! টাকা নিয়ে কেন্দ্রকে খোঁচায় নয়া বার্তা শুভেন্দুর
এবার প্রধানমন্ত্রী যোজনার নাম বদল হওয়া জরুরি। এবার থেকে প্রধানমন্ত্রীর পরিবর্তে মুখ্যমন্ত্রী যোজনা নামকরণ করাই সমীচিন হবে প্রকল্পগুলির।
কেন্দ্রের দেওয়া বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে এবার নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পূর্ব মেদিনীপুরে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েও মোদীকে নিশানা করলেন তিনি। তাঁর কথায়, এবার প্রধানমন্ত্রী যোজনার নাম বদল হওয়া জরুরি। এবার থেকে প্রধানমন্ত্রীর পরিবর্তে মুখ্যমন্ত্রী যোজনা নামকরণ করাই সমীচিন হবে প্রকল্পগুলির।

কেন এই প্রস্তাব রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর? শুভেন্দু অধিকারী সাফ জানালেন, আগে কেন্দ্রীয় সরকার, আবাস যোজনা হোক বা সড়ক যোজনা- সবক্ষেত্রেই বেশি টাকা দিত। এখন পুরো বিষয়টি উল্টে গিয়েছে। এখন বেশি টাকা দিতে হচ্ছে রাজ্যকে। রাজ্যে আবাস যোজনার ক্ষেত্রে তো ৭৫ শতাংশ টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ২৫ শতাংশ টাকা কেন্দ্রের। তাহলে কেন ওই প্রকল্পকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলা হবে।
শুভেন্দুবাবুর যুক্তি, যে সরকার বেশি টাকা দিচ্ছে, তার নামে যোজনা হওয়াই উচিত। তাই এখন থেকে আর প্রধানমন্ত্রী যোজনা বলবেন না কোনও গ্রাম পঞ্চায়েত। সবাই ওই প্রকল্পগুলিকে মুখ্যমন্ত্রী আবাস যোজনা বলবেন। এদিন শুভেন্দু আরও বলেন, 'আমরা স্থির করেছি ওই ২৫ শতাংশ টাকা আর নেব না। পুরোটা আমরাই দেব। তাহলে আমরা বুক ফুলিয়ে বলতে পারব এটা মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা।'
রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেন, 'আমাদের সরকার ২৫৮ কোটি টাকা দিয়েছে। রাজ্যের তহবিল থেকে ওই টাকা দেওয়া হয়েছে। তাই এই প্রকল্পগুলিকে আর কেন্দ্রের নামে চালাবেন না।' তিনি এদিন বিজেপিকে কটাক্ষ করে বলেন, 'কেন্দ্রের সরকার শুধু কথা বলে, কাজ করে না। আর আমাদের সরকার কাজে বিশ্বাস করে। আমরা মানুষের পাশে তেকে কাজ করার ব্রত নিয়েই সরকারে এসেছি। কাজ অর্থাৎ উন্নয়নই আমাদের ইউএসপি।'












Click it and Unblock the Notifications