Suvendu Adhikari: ‘যাহা ইউনূস, তাহাই মমতা,’ সনাতনী সমাবেশ থেকে নিশানা শুভেন্দুর, তোষণ নিয়ে তৃণমূলকে তুলোধনা
Suvendu Adhikari: বাংলাদেশে হিন্দু নিপীড়নের (Attack on Hindus) প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় ধর্ম রক্ষার দাবিতে সনাতনীদের সমাবেশ। রানি রাসমণি অ্যাভিনিউতে সমাবেশে যোগ দিয়ে একের পর এক হুঙ্কার শুভেন্দু অধিকারীর। এরাজ্যে সংখ্যালঘু তোষণ নিয়ে শাসকদল তৃণমূলকেও (TMC) আক্রমণ শানালেন বিরোধী দলনেতা।
ওপারের মতো এপার বাংলাতেও হিন্দুদের উপর হামলা হয় বলে দাবি শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, "যাহা ইউনূস (Muhammad Yunus), তাহাই মমতা। মমতা ও ইউনূসের কোনও পার্থক্য নেই। রোহিঙ্গা ঢুকিয়ে বাংলা নষ্ট করছেন মমতা।"

শুভেন্দুর আরও অভিযোগ, "৭২ জায়গায় বিএসএফকে বেড়া দিতে দেয়নি। দুর্গাপুজো করতে গেলে হাইকোর্টে যেতে হয়। জয় শ্রী রাম নাকি বাজে শব্দ। রামনবমী করলে নাকি দাঙ্গা হয়। একথা কোনও সংগঠন নয়, খোদ পশ্চিমবঙ্গ সরকার বলেছে।"
দুর্গামণ্ডপে হামলার প্রসঙ্গ টেনে এনে ফের রাজ্যের হিন্দুদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান শুভেন্দু অধিকারী। বলেন, "গার্ডেনরিচের পুজোমণ্ডপে গিয়ে আরতি করে জবাব দিয়েছি। নন্দীগ্রামে ৬৫ শতাংশ হিন্দু ভোট এক করে মমতাকে হারিয়েছি। এই লড়াই বেঁচে থাকার লড়াই।" অখণ্ড ভারতের পক্ষে সওয়াল তুলে স্লোগানও দিলেন বিরোধী দলনেতা।
বাংলাদেশ নিয়ে শুভেন্দু আরও বলেন, "একদিনে শুধু পেট্রাপোল বন্ধ করেছিলেম। ৪০ গাড়ি পেঁয়াজ গেছে পচে। একদিনেই হালুয়া টাইট। ৭ দিন বন্ধ করলে ইউনূসের চামড়া তুলে নেবে বাংলাদেশের লোক। আর কিছু করতে হবে না। রাজনীতি পরে হবে, আগে তো হিন্দুর বাচ্চা।"
ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড হওয়ার পক্ষেও সওয়াল তোলেন শুভেন্দু। তিনি আরও বলেন, "লভ জিহাদের বিরুদ্ধে কেন আইন হবে না? যোগীজি উত্তরপ্রদেশে যা করেছেন, হিমন্তজি অসমে যা করেছেন, বাংলায় তা কেন হবে না? হিন্দুদের এক হতে হবে।"
৬ ডিসেম্বর রাজ্যের সর্বত্র শৌর্য দিবস পালন করার ডাক দেন শুভেন্দু। কলকাতায় বর্ণাঢ্য মিছিল করার ঘোষণা। শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত মিছিল করা হবে। ১০ তারিখ বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশে হিন্দুদের মানবাধিকার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে বিভিন্ন হিন্দু সংগঠন প্রতিবাদ করবে বলেও জানান তিনি। মঙ্গলবার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত অবরোধের হুঁশিয়ারি দেন শুভেন্দু।
এদিন বাংলাদেশে গিয়ে আক্রান্ত বেলঘড়িয়ার যুবক সায়ন ঘোষও ছিলেন সমাবেশের মঞ্চে। শুধুমাত্র হিন্দু হওয়ায় কীভাবে বাংলাদেশে হামলার শিকার হতে হয়েছিল তা তুলে ধরেন সায়ন। ভরা সভাতেই সায়নকে ষাষ্টাঙ্গে প্রণাম করতে যান শুভেন্দু। মঞ্চে তাঁকে উত্তরীয় পরিয়ে দেন তিনি।












Click it and Unblock the Notifications