ঋতব্রত পরেও নৈতিক অধঃপতন! সিপিএম নেতার বিরুদ্ধে ৩ মাসের সাসপেনশন
নৈতিক অধঃপতনের দায়ে সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়ের ওপর ৩ মাসের সাসপেনশন। রবিবার কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নৈতিক অধঃপতনের দায়ে সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়ের ওপর ৩ মাসের সাসপেনশন। রবিবার কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ নভেম্বর জেলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদন নেওয়া হবে বলে সূত্রের খবর।

সেপ্টেম্বরের শেষে দিকে বেহালার নেতা কৌস্তভের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। তাঁকে জড়িয়ে বেশ কিছু ভিডিও সামনে এসেছিল। যে ভিডিওগুলি সামনে এসেছিল, কোনওটির সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।
ছাত্র-যুব ফ্রন্ট সামলে কম বয়সেই একেবারে সিপিএম-এর কলকাতা জেলা কমিটিতে। তার আগে অবশ্য ২০১৬- নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হয়েছিলেন সরশুনার বাসিন্দা কৌস্তভ। কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিয়েছিলেন এলাকার পরপর তিনবারের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে। বেশ বলিয়ে, কইয়েও বটে। রাজনৈতিক সভা হোক, কিংবা টিভি শো, যুক্তিতে তুলে ধরেন সহজেই। এহেন তরুণ-তুর্কিই এবার যৌন কেলেঙ্কারিতে জড়িতে পড়েছেন বলে অভিযোগ ওঠে।
প্রথমে তিনটি ভিডিও সামনে আসে। পরে আসে আরেকটি। খবর ছড়ায় সিপিএম-এর সর্বোচ্চ মহলে। কলকাতা জেলা সিপিএম-এর সম্পাদকমণ্ডলী এবং রাজ্য কমিটির কাছে তরুণ নেতার তরফে এই সব ভিডিও-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় বলে সূত্রের খবর।
সাম্প্রতিক সময়ে তরুণ নেতাদের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনা সামনে এসেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। বালুরঘাট থানায় ঋতব্রতর বিরুদ্ধে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা দায়ের করেছিলেন তরুণী নম্রতা দত্ত। সিআইডি তদন্তে সাহায্যের কথা জানিয়ে সিপিএম নেতারা তাকে পচে যাওয়া ছেলে বলে বর্ণনা করেছিলেন।
ভিডিওৃগুলি নিয়ে কৌস্তুভ চট্টোপাধ্যায়কে ফোন করলে তিনি বলেছিলেন, ভিডিওগুলি ফেক। যদিও কোনও কথা বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেন তিনি।
সেই সময় যাদবপুরের সিপিএম বিধায়ক তথা বিধানসভার বাম পরিষদীয় নেতা তথা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, ভিডিও সম্পর্কে তিনি শুনেছেন। কিন্তু এর বাইরে বিশেষ কিছু তিনি জানেন না।












Click it and Unblock the Notifications