RG Kar case: 'হস্তক্ষেপজনিত সমস্যা'! আরজি কর মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার, লড়বেন না নির্যাতিতার পরিবারের হয়ে
RG Kar case: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা গ্রোভার (Vrinda Grover)। নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়ছিলেন তিনি। বুধবার তা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন আইনজীবী। সরে দাঁড়ানোর কারণও ব্যাখ্যা করা হয়েছে বৃন্দা গ্রোভারের অফিসের তরফে।
স্রেফ সুপ্রিম কোর্টেই নয়, আরজি করকাণ্ডে কলকাতা হাইকোর্ট ও শিয়ালদহ কোর্টে চলা মামলাতেও নির্যাতিতার পরিবারকে (RG kar Victim's family) আইনি সহায়তা প্রদান করছিল বৃন্দা গ্রোভারের দফতর। কিন্তু এবার থেকে সুপ্রিম কোর্টে আর নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করতে দেখা যাবে না বৃন্দা গ্রোভারকে। কিন্তু কেন এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত?

বৃন্দা গ্রোভারের দফতর থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, "এই পরিস্থিতিতে এসে, বেশকিছু নির্দিষ্ট হস্তক্ষেপজনিত সমস্যা ও ঘটনার পরিপ্রেক্ষিতে আইনজীবী বৃন্দা গ্রোভার এই মামলার যাবতীয় আইনি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াচ্ছেন। এব্যাপার সংশ্লিষ্ট আদালতকেও জানিয়ে দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে প্রতিদিন নিয়ম মেনে নির্যাতিতার পরিবারকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।"
বিবৃতিতে আরও জানানো হয়, "ইতিমধ্যেই ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করে রেকর্ড হয়ে গিয়েছে। অভিযুক্তদের জামিনের বারবার বিরোধিতা করা হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে বাকি সাক্ষ্যগ্রহণও শেষ হবে। সেপ্টেম্বর মাস থেকে নির্যাতিতার পরিবারকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে বৃন্দা গ্রোভারের দফতরের তরফে।
প্রায় তিন মাস শেষে বিচারপ্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কারণে আরজি কর মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বৃন্দা গ্রোভার। এমনটাই জানানো হয়েছে ওই বিবৃতিতে। বৃন্দার আগে নির্যাতিতার পরিবারের তরফে ওই মামলা লড়ছিলেন সিপিএম নেতা তথা রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করেন তিনি।
প্রসঙ্গত, দীর্ঘ এক মাস পর সুপ্রিম কোর্টে মঙ্গলবার দুপুরে আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার শুনানি ছিল (RG Kar case hearing)। কোর্টে মুখবন্ধ খামে সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।
বৃন্দা গ্রোভার সুপ্রিম কোর্টে শুনানিতে জানান, "৫১ জনের মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করে রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহের আগে ট্রায়াল শেষ হয়ে যাবে।" মামলার পরবর্তী শুনানি মার্চ মাসের ১৭ তারিখ।












Click it and Unblock the Notifications