লেক গার্ডেন্সে ফুটবলারের রহস্য মৃত্যু! বাড়িতে হুমকি দেওয়া নিয়ে ধন্ধ
চারু মার্কেট থানা এলাকায় ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু। শুক্রবার রাতে লেক গার্ডেন্সে লাইনের ধার থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে।
চারু মার্কেট থানা এলাকায় ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু। শুক্রবার রাতে লেক গার্ডেন্সে লাইনের ধার থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। রহস্যজনকভাবে মৃতের হাতে সেই সময়ও মোবাইল ফোনটি ধরা অবস্থায় ছিল। পরিবার ও বন্ধুদের অভিযোগ রঞ্জিত চট্টোপাধ্যায় নামে ওই যুবককে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ জিআরপি।

স্বভাবে হাসিখুশি হলেও, দিন কয়েক ধরে ঘরেই থাকতেন রঞ্জিত চট্টোপাধ্যায়। স্বভাব বিরুদ্ধভাবে ছিলেন কিছুটা গম্ভীর। স্ত্রী জানিয়েছেন, শুক্রবার রাতে হঠাৎই বাড়ি ঠেকে বেরিয়ে যান রঞ্জিত। এরপরেই ৪-৫ জন রঞ্জিতের খোঁজ করতে আসে। তারা রঞ্জিতের খোঁজ করার সময় গালাগালি দিচ্ছিল বলেও অভিযোগ।
রাত দশটা নাগাদ বাড়িতে মৃত্যুর খবর আসে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, লাইনের ধারে পড়ে থাকা রঞ্জিতের দেহ ছিল ক্ষতবিক্ষত। তবে হাতে মোবাইল ধরা ছিল। দেহ উদ্ধারের সময় দেখা গিয়েছে মোবাইলে বেশ কিছু মিসকল রয়েছে। যদি ট্রেনের ধাক্কায় মৃত্যু হবে, তাহলে হাতে মোবাইল কী করে ধরা থাকবে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা।
রাতেই পরিবারের তরফে বালিগঞ্জ জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়। ফোনের সূত্র ধরে অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। কারা বাড়িতে এসে হুমকি দিয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications