কলকাতায় রোদ ঝলমল, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা বহাল
মহানগর কলকাতায় একটানা বৃষ্টি বিপর্যয়ের পর বুধবার রোদের দেখা মিলল। যদিও এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল শহর কলকাতা। শহরের নানা স্থানে জল জমে স্বাভাবিক জনজীবন কার্যত ব্যাহত হয়েছিল। মঙ্গলবারও সেই দুর্ভোগের দৃশ্য চোখে পড়েছিল।
যদিও বুধবার সকাল থেকে রোদের দেখা মেলায় আপাতত স্বস্তি ফিরেছে শহরবাসীর মনে। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সম্পূর্ণভাবে দুর্যোগ কাটেনি। শহর কলকাতার আকাশ এদিন মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

এছাড়াও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রার দিক থেকে সর্বোচ্চ ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসে থাকবে পারদ।
তবে শুধু শহর কলকাতাই নয়, গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী শনিবারও এই জেলাগুলিতে বৃষ্টি থাকতে পারে। কলকাতায় তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে আবহাওয়া কিছুটা উন্নতির দিকে যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের অনুমান।
অন্যদিকে, সমুদ্র এখনও উত্তাল অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও ওড়িশা,পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি বেগে হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি আরও ঘনীভূত হয়ে শুক্রবার অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূলে পৌঁছোতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।আগামী শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।












Click it and Unblock the Notifications