Blast In Kolkata: কলকাতার রাস্তায় ভরদুপুরে বিস্ফোরণ, নিহত প্রৌঢ়, এনআইএ তদন্তের দাবিতে শাহকে চিঠি সুকান্তর
Blast In Kolkata: কলকাতার রাস্তায় ভরদুপুরে বিস্ফোরণ। প্রাণ হারালেন ৫৮ বছরের এক ব্যক্তি। বিস্ফোরণে তাঁর একটি হাত উড়ে গিয়েছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিলেন তিনি।

আজ দুপুর পৌনে ২টো নাগাদ বিস্ফোরণটি ঘটে ব্লমান স্ট্রিট ও এসএন ব্যানার্জি রোডের সংযোগস্থলে। যেখানে বিস্ফোরণটি হয় তার পাশেই ছিল ফুটপাথ। বিস্ফোরণস্থলটি রাস্তার পাশেই, যে রাস্তা দিয়ে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল করে। আজ দিনভর বৃষ্টিতে রাস্তায় লোক কম থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই প্রচণ্ড জোরে বিস্ফোরণের আওয়াজ শুনেই সকলে ছুটে যান। গিয়ে দেখেন, এক ব্যক্তির হাত উড়ে গিয়েছে, পাশে পড়ে রয়েছে একটি বস্তা। সম্ভবত সেই বস্তাতেই তিনি এমন কিছু কুড়িয়ে রেখেছিলেন যা থেকে বিস্ফোরণ হয়। কাগজ-সহ নানা জিনিস যাঁরা কুড়ান, ওই ব্যক্তি সেই কাজ করেই জীবিকা নির্বাহ করতেন।
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়রা আহত ব্যক্তির হাতে ব্যান্ডেজ বেঁধে রক্ত বন্ধের চেষ্টা চালান। এরপর পুলিশই ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। প্রাথমিক তদন্তের পর জায়গাটি ঘিরে রেখে যান চলাচল শুরু করে দেওয়া হয়।
এই ঘটনার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতা পুলিশের তদন্তে পুরোপুরি অনাস্থা প্রকাশ করে তিনি আর্জি জানিয়েছেন, এনআইএ বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর।
যেহেতু এই ঘটনার সঙ্গে মানুষের নিরাপত্তা জড়িত, ফলে বিস্ফোরণের কারণ ও চরিত্র সম্পর্কে সত্যানুসন্ধান জরুরি বলে মনে করেন সুকান্ত। তিনি সাফ লিখেছেন, কলকাতা পুলিশের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বা তদন্ত করার ক্ষমতাই নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্ত হলেই মানুষের বিশ্বাস অর্জন সম্ভব। তাঁরা বুঝবেন, এই ধরনের কাজ যারা করে তাদের উপযুক্ত সাজা হয়। কলকাতা তথা বাংলার মানুষের নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications