শরীর খারাপ, স্বাস্থ্যের কারণে হাইকোর্টে জামিনের আবেদন করলেন সুজয়কৃষ্ণ
তার কণ্ঠস্বরের উপর নির্ভর করছে ইডির তদন্তের অগ্রগতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার জন্য এসএসকেএম হাসপাতালে দীর্ঘ সময় ধরে চক্কর কাটছে। কিন্তু তার নাগাল পাওয়া যাচ্ছে না। এবার সেই সুজয়কৃষ্ণ ভদ্র জামিনের আবেদন করলেন। শরীর অসুস্থ। তাই তাকে জামিন দেওয়া হোক। এই বক্তব্য রয়েছে আবেদনে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। তার একটি ভয়েস মেসেজ পাওয়া গিয়েছিল। সেখানেই তৃণমূল কংগ্রেসের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি ফেঁসে যেতে পারেন। সেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্যই সুজয়কৃষ্ণকে নিজেদের হেফাজতে চাইছেন তদন্তকারীরা।

কিন্তু কোনওভাবে সুজয়কৃষ্ণ ভদ্র তদন্তকারীদের হাতের নাগালের সামনে আসছেন না। কোনওভাবেই তার কাছে পৌঁছতে পারছেন না তদন্তকারীরা। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর অস্ত্রোপচার হয়। কিন্তু তিনি আর হাসপাতালে বাইরে বের হননি। এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে তিনি দীর্ঘ কয়েক মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি আদালতের নির্দেশ অনুযায়ী কাকুকে নিয়ে আসার জন্য তদন্তকারীরা গিয়েছিলেন। এসএসকেএম হাসপাতালে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে হবে। এ কথা জোর দিয়ে আদালত জানিয়েছে। কিন্তু কোনওভাবেই কাকুকে পাওয়া যায়নি। তিনি সেই দিন থেকে আরও অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।
সেই সুজয়কৃষ্ণ ভদ্র কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন। তিনি জামিনের আবেদন জানিয়েছেন। তার শরীর অত্যন্ত খারাপ। সেই কারণেই তাকে জামিন দেওয়া হোক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই আবেদন জমা পড়েছে। আগামী কাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানি আছে। এই আবেদনে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। সুজয়কৃষ্ণ কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা দিতে চাইছেন না? এদিকে তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করছেন।
আদালত কি সুজয়কৃষ্ণকে ডেকে পাঠাবে? আদালতে তার শারীরিক সমস্যা ও স্বাস্থ্য পরীক্ষার সমস্ত রিপোর্ট এবার জমা পড়বে? সেই সব প্রশ্ন উঠেছে। এখন এজলাসে কী হয় তারই অপেক্ষা।












Click it and Unblock the Notifications