উদ্বাস্তুদের নিয়ে তিন রাজ্যে বিজেপির তিন রূপ! বাংলায় মোদী-দিদি সমঝোতা হয়ে গিয়েছে, আক্রমণ সুজনের
উদ্বাস্তুদের নিয়ে তিন রাজ্যে বিজেপির তিন রূপ। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির সিএএ নিয়ে আশ্বাস প্রসঙ্গে কার্যত এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। দলকে বাঁচাতে রাজ্যের বিজেপি নেতারা তৃণমূলপন্থী বলেও মন্তব্য করেছেন তিনি। সুজন চক্রবর্তীর কটাক্ষ বাংলায় মোদী-দিদির সমঝোতা হয়ে গিয়েছে।
এদিন জয়নগরে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে অন্য তৃণমূলের নেতারাও ছিলেন। দলীয় নেতার হত্যা প্রসঙ্গে তাঁরা বলেছেন, দলীয় তদন্ত হবে। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে সুজন চক্রবর্তী বলেছেন, মুখ্যমন্ত্রীকে তাহলে বলে দিন, পুলিশের ওপরে আপনাদের কোনও ভরসা নেই।

এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ ভবিষ্যদ্বাণী করেছেন, মুখ্যমন্ত্রীকে ডাকবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এব্যাপারে সুজন চক্রবর্তী বলেছেন, এসবের কোন দাম নেই। বিজেপির নেতারা জানেন, ওঁদের মাথার ওপরে দিল্লিতে মোদী আর বাংলায় দিদি। মোদী-দিদির সমঝোতা হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন সুজন চক্রবর্তী।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি ঠাকুরনগরে গিয়ে ফের নাগরিকত্ব আইনের কথা বলছেন। এব্যাপারে কটাক্ষ করতে গিয়ে সুজন চক্রবর্তী বলেছেন, পাঁচ বছরেও সময় হল না! এখন আবার ভোট এসেছে, তাই এই কথা বলছেন। এব্যাপারে তিনি বলেছেন, অসমের বিজেপি বাঙালি বিদ্বেষী, বিহারের বিজেপি উদ্বাস্তু বিরোধী, সেখানে পশ্চিমবঙ্গের বিজেপি তার বিরুদ্ধাচরণ করবে তা হয় নাকি?
কেন্দ্রীয় মন্ত্রী মতুয়াদের শান্তনু ঠাকুরের দেওয়া পরিচয় পত্র সঙ্গে রাখতে বলেছেন। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে সুজন চক্রবর্তী বলেছেন, মতুয়া সমাজের মানুষ সবার মতো সমান অধিকারের অধিকারী। তাঁদের শান্তনু ঠাকুরের কার্ড লাগবে না।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করেছে। এব্যাপারে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, একথা প্রমাণ করে আদানির থেকে পয়সা খেয়ে বিজেপি নেতারা কথা বলছেন। অন্যদিকে তাজপুর নিয়ে মুখ্যমন্ত্রী আর শশী পাঁজার কথা স্ববিরোধী বলে মন্তব্য করেছেন সুজন চক্রবর্তী। তাঁর কটাক্ষ, আসলে একটু আদানি বিরুদ্ধে বলতে হবে, আবার বিজেপিকেও খুশি রাখতে হবে, সেই কারণে এই পরিস্থিতি।
বিজেপিতে বেসুরো অনুপম হাজরা। এব্যাপারে কটাক্ষ করতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন, বিজেপিকে বাঁচাতে একটু তৃণমূলপন্থী হওয়া দরকার। এই কারণে অনুপম হাজরা তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হওয়ার পরে অনুব্রত মণ্ডলের বাড়িতে মাছ ভাত খেতে গিয়েছিলেন। এখন বিজেপিকে বাঁচাতেই তৃণমূলপন্থী কথা বলছেন তিনি।
জোটের সমন্বয় কমিটিতে কোনও প্রতিনিধি নয়! সিদ্ধান্ত CPIM-এর পলিটব্যুরোর বৈঠকে
ব্রিগেডে বিজেপির গীতা পাঠ কর্মসূচি আর কলকাতায় গঙ্গার ঘাটে দেব দীপাবলি উদযাপন প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, গীতা পাঠ করতে যেমন ব্রিগেড লাগে না আবার আরতি করতে পুরসভা লাগে না। আসলে ভোটের দিকে লক্ষ্য রেখে তৃণমূল আর বিজেপি এসব করছে।
দেগঙ্গায় বল ভেবে খেলতে গিয়ে এক কিশোর জখম, অন্যদিকে সল্টলেকে এক যুবক খুন। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন, এরাজ্যে শুধু দুষ্কৃতীদের আইন চলছে। গোটা রাজ্যে আইনের কোনও শাসন নেই বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications