রোজভালিকাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় নোটিশ, সিবিআই তলব তাপস পালকেও
তৃতীয় নোটিশও পাঠিয়ে দেওয়া হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। এবার একা সুদীপকেই নয়, রোজভ্যালিকাণ্ডে নোটিশ পাঠানো হল তৃণমূলের আর এক সাংসদ তাপস পালকেও
কলকাতা, ২৮ ডিসেম্বর : লোকসভার অধিবেশনের সময় থেকেই তৃণমূলের লোকসভার নেতাকে রোজভ্যালিকাণ্ডে তলব করে আসছিল সিবিআই। এবার 'অন্য ব্যবস্থা' নেওয়ার সমস্ত পদক্ষেপ সেরে ফেলল কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। তৃতীয় নোটিশও পাঠিয়ে দেওয়া হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। এবার একা সুদীপকেই নয়, রোজভ্যালিকাণ্ডে নোটিশ পাঠানো হল তৃণমূলের আর এক সাংসদ তাপস পালকেও।
সুদীপবাবু দু'দিন আগেই দ্বিতীয় নোটিশ পেয়েছিলেন সিবিআই-এর। তারপর তিনি সিবিআই দফতরে চিঠি লিখে জানিয়েছিলেন, তিনি এই মাসটা সময় চান, নতুন বছরে তিনি সিবিআই দফতরে যাবেন। তারপর সিবিআই এই ব্যাপারে ধীরে চলো নীতিই নেবে বলে ঠিক করেছিল। কিন্তু দু'দিনের মধ্যেই সিবিআই মত পরিবর্তন করে তৃতীয় নোটিশ পাঠানোর সিদ্ধান্তি নিয়েই নিল।

দ্বিতীয়বার নোটিশ পাঠানোর পরই সিবিআই জানিয়েছিল, আর একবার নোটিশ পাঠাবেন তাঁরা। তারপরই তাঁরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবেন। কী সেই অন্য ব্যবস্থা তা স্পষ্ট করেননি সিবিআই আধিকারিকরা। তবে একটা ব্যাপার পরিষ্কার, মোদী বিরোধী আন্দোলনে যত সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ততই সিবিআইও জাল বিস্তার করছে চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূলকে জড়াতে।
এবার তাই সুদীপবাবুকেই নয়, নোটিশ পাঠানো হয়েছে তাপস পালকেও। তাপস পালকে এই প্রথম নোটিশ পাঠানো হল। আগে তাপস পালকে নোটিশ পাঠিয়ে তলব করা না হলেও, তাঁর বাড়ি তল্লাশি হয়েছিল। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্রের শাসক শিবির।
সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীনই তৃণমূল সাংসদকে ফোন করা হয়েছিল। তৃণমূল সংসদ তখন বলেছিলেন, লোকসভার অধিবেশন শেষ হলে তিনি যোগাযোগ করবেন। কিন্তু তারপরও তিনি যোগাযোগ না কারায় বাধ্য হয়েই ইমেল ও ফ্যাক্স করে নোটিশ পাঠানো হয় গত ২০ ডিসেম্বর। কিন্তু প্রথম নোটিশ পেয়ে তিনি যাননি সিবিআই দফতরে। আজ দ্বিতীয় বার নোটিশ পাঠানো হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। এবার শেষ নোটিশটাও চলে এল। সুদীপবাবু এখন কী করেন, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications