রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী নয়, সুব্রত-ভাষ্যে পঞ্চায়েত ভোট এবার উন্নয়নের নিরিখে
পঞ্চায়েত ভোট রাজ্য পুলিশকে দিয়ে হবে, নাকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে, সেই বিতর্ক ফুৎকারে উড়িয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
পঞ্চায়েত ভোট রাজ্য পুলিশকে দিয়ে হবে, নাকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে, সেই বিতর্ক ফুৎকারে উড়িয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশই যথেষ্ট, কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজনও নেই। কেননা তাঁর মতে পঞ্চায়েত ভোট হবে কাজের নিরিখে।
তিনি বলেন, আমি মানুষকে বলব, আপনারা যদি মনে করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের তৃণমূল সরকার কাজ করেছে, তবে আপনারা ভোট দেবেন তৃণমূলকে। আমার বিশ্বাস, প্রতিটা রাজ্যবাসী মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পঞ্চায়েতে দারুন কাজ হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলপ্রকল্প ও অন্যান্য গ্রামীণ প্রকল্পে প্রচুর কাজ হয়েছে রাজ্যে।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হতেই রাজ্যজুড়ে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। মনোনয়ন তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক-বিরোধী সংঘর্ষ চলছে। এই অবস্থায় বিরোধীরা চাইছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। এই মর্মে বিরোধীরা আদালতের দোরগোড়ায় পর্যন্ত ছুটেছে।
আর এই বিতর্কের মাঝে দাঁড়িয়ে পঞ্চায়েতমন্ত্রী সাফ জানালেন, কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজনই নেই। রাজ্য পুলিশের সুষ্ঠু-অবাধ নির্বাচন হবে রাজ্যে। তাঁর দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের উন্নয়ন প্রতিটাই চোখে দেখা যায়। আমরা উন্নয়নে বিশ্বাসী। এদিন তাঁকে রাজ্যপাল নিয়েও প্রশ্ন করা হয়। সুব্রতবাবু বলেন, আমরা রাজ্যপালের সঙ্গে আলোচনা করলাম। তাঁর কথা ইতিবাচকই মনে হয়েছে আমাদের।












Click it and Unblock the Notifications