Earthquake: জোরালো ভূমিকম্প মায়ানমারে, রিখটার স্কেলে মাত্রা ৭.২; কেঁপে উঠল কলকাতাও
Earthquake: তীব্র ভূমিকম্প মায়ানমারে। শুক্রবার বেলা ১১টা বেজে ৫০ মিনিট নাগাদ জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ মায়ানমারে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২। গোটা দেশেই অনুভূত হয়েছে কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে ভারত-সহ প্রতিবেশী দেশগুলিতেও।
মায়ানমারে তীব্র ভূমিকম্পের জেরে ভারত ছাড়াও বাংলাদেশ, চিন, লাওস, থাইল্যান্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। কলকাতার বিভিন্ন স্থানে অনুভূত হয় কম্পন। অপেক্ষাকৃত উঁচু স্থানে অর্থাৎ বহুতলগুলিতে ভালো বোঝা গিয়েছে কম্পন। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ও উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। অনেকেই ভয়ে বাইরে চলে আসেন। কম্পন টেরও পেয়েছেন অনেকেই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৭.২ জানালেও, মায়ানমার সরকারের তরফে প্রাথমিকভাবে বিবৃতিতে দাবি করা হয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭। বিশেষজ্ঞদের মতে, কম্পনের মাত্রা ৭ পেরিয়ে গেলেই ধ্বংসাত্মক রূপ নেয় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য বলছে, মায়ানমারের মান্দালয়ে ছিল ভূমিকম্পের উৎস। একবারই নয়। ১২ মিনিটের ব্যবধানে ২ বার কেঁপে ওঠে মায়ানমার। প্রথম ভূমিকম্পটি ১১টা ৫০ মিনিটে হওয়ার পর দুপুর ১২টা বেজে ২ মিনিটে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭।
তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের মুহূর্তের একাধিক ছবি ভিডিও। তাতেই স্পষ্ট হচ্ছে, ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। থাইল্যান্ডে তীব্র কম্পনে আস্ত একটি বহুতল ভেঙে পড়ার দৃশ্য ভাইরাল হয়েছে। যদিও ওয়ানইন্ডিয়া বাংলার তরফে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। নির্মীয়মাণ বহুতল ও ব্রিজও ভেঙে পড়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে বহুতল ভেঙে ৪৩ জন নিখোঁজ বলে জানা গিয়েছে।
কম্পন মাত্রই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে যান অনেকে। ব্যাঙ্ককে বহুতল থেকে সুইমিং পুল থেকে উঁচু উঁচু জলের ঢেউ উপচে পড়তেও দেখা গিয়েছে। ভূমিকম্পের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাঙ্কক। প্রসঙ্গত, ২ ও ৩ এপ্রিল ব্যাঙ্ককে BIMSTEC সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগেই ব্যাঙ্ককে বিপর্যয়।












Click it and Unblock the Notifications