দুর্গাপুজোর অনুদান নিয়ে মামলার পরবর্তী শুনানি সোমে, কী আর্জি রাজ্যের?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর আয়োজনের জন্য ক্লাব বা পুজো কমিটির অনুদান এবার ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিয়েছেন। সেই অনুদান যাতে রাজ্য দিতে না পারে সে কারণে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে। বিগত কয়েক বছরের মতো।

দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আজ হাইকোর্টে জোরালো সওয়াল করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এই মামলা খারিজের আর্জিও জানাল রাজ্য। কিশোর দত্ত শুনানি চলাকালীন বললেন, প্রতি বারই জনস্বার্থ মামলা হয়। পুজো মিটে গেলে মামলাকারীদের এই মামলার কথা মনে থাকে না। জনগণেরও মনে থাকে না। ফলে মামলা খারিজ করা হোক।
এদিন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলাটি উঠেছিল। রাজ্যের বক্তব্য, প্রতি বছর দুর্গাপুজো আসে। পুজো কমিটিগুলোর কথা ভেবে মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী অনুদানের কথা ঘোষণা করেন। তারপর প্রতি বছরই জনস্বার্থ মামলা হয়। কিন্তু পুজো মিটে গেলে মামলার কথা মামলাকারী বা জনগণ- কারও মনেই থাকে না।
মামলাকারীদের আইনজীবীরা পাল্টা যুক্তি দিয়ে দাবি করেন, সরকারি কোষাগারের টাকা এভাবে দেওয়া যায় না। প্রতি বছর অনুদান বাড়ানো হচ্ছে। অথচ সরকার অন্যান্য জরুরি ক্ষেত্রে প্রাপ্য মেটাতে পারছে না। অনুদান বাবদ টাকা দেওয়া হলেও তার কোনও হিসেব রাখা হয় না বলেও দাবি মামলাকারীদের আইনজীবীদের। তবে আজ পূর্ণাঙ্গ শুনানি হয়নি। আগামী সোমবার মামলার ফের শুনানি হবে।












Click it and Unblock the Notifications